লাশ উদ্ধারের ৫৭ ঘণ্টা পর মামলা করলেন বুলবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ (৫০) হত্যার ঘটনায় অবশেষে খিলক্ষেত থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধারের ৫৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে আহমেদ ইমতিয়াজ বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।খিলক্ষেত থানার পুলিশ গত শনিবার রাত একটা পাঁচ মিনিটে নিকুঞ্জ-১ সংলগ্ন কুড়িল উড়ালসেতুর নিচে রেললাইনের পাশ থেকে মিরাজের রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।আজ সকালে গুলশান বিভাগের পুলিশ, র্যাব ও একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আহমেদ ইমতিয়াজের মগবাজারের বাসায় যান। তাঁরা শোকার্ত ইমতিয়াজকে বাদী হওয়ার গুরুত্ব বোঝালে তিনি বাদী হতে রাজি হন। পুলিশের সঙ্গে কথা বলার পর মামলার বিবরণ লিখে পুলিশ কর্মকর্তাদের কাছে দেন ইমতিয়াজ। পরে সকাল সোয়া ১০টায় তা খিলক্ষেত থানায় এজাহার হিসেবে নেওয়া হয়।ইমতিয়াজ প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ বাদী হলে মামলা ধীরগতিতে চলবে—এমনটাই তাঁকে বুঝিয়েছেন পুলিশের কর্মকর্তারা। এমনটি অনুধাবন করে তিনি বাদী হতে রাজি হন। মামলায় আসামি হিসেবে কারও নাম কিংবা কোনো কারণ উল্লেখ করেননি বলেও জানান তিনি।ইমতিয়াজ আরও বলেন, গোলাম আযমের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী দেওয়ার জের ধরে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে, এটা তো না-ও হতে পারে। সাক্ষ্য দেওয়ার পর জামায়াত-শিবির তাঁকে হুমকিও দেয়নি। সাক্ষ্য দেওয়ার জের ধরে হত্যা করা হয়েছে—কারও কারও কাছে এমন কথা শুনে তিনি গণমাধ্যমে ওই কথা বলেছিলেন। তিনি বলেন, ‘পুলিশের যে আন্তরিকতা দেখেছি, তা অব্যাহত থাকলে হত্যা-রহস্য উদ্ঘাটন হবে বলে আমি আশাবাদী।’এদিকে আজ দুপুরে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আহমেদ মিরাজ ধানমন্ডিতে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। এরপর তিনি আর পল্লবীর বাসায় ফেরেননি। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ১২টা ৫০ মিনিটের মধ্যে যেকোনো সময় কে বা কারা অন্য কোথাও হত্যা করে তাঁর লাশ কুড়িল উড়ালসেতুর নিচে রেললাইনের পাশে ফেলে গেছে। পূর্বপরিকল্পিতভাবে মিরাজকে হত্যা করা হয়েছে।মিরাজ হত্যা তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, গুলশান বিভাগের পুলিশ আজ হরতালের দায়িত্ব পালনে ব্যস্ত ছিল। এ কারণে তদন্তে অগ্রগতি হয়নি। আগামীকাল বুধবার থেকে পুলিশ পুরোদমে তদন্ত করবে।তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রাইব্যুনালে আহমেদ ইমতিয়াজের সাক্ষ্য দেওয়া কিংবা মিরাজের সঙ্গে কারও ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা সামনে রেখে তদন্ত চলছে। এ ছাড়া হত্যার পেছনে পরিচিতজনেরা জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।