লাশ উদ্ধারের ৫৭ ঘণ্টা পর মামলা করলেন বুলবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ (৫০) হত্যার ঘটনায় অবশেষে খিলক্ষেত থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধারের ৫৭ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সকালে আহমেদ ইমতিয়াজ বাদী হয়ে এই মামলা করেন।মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। গতকালও এ হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়নি।খিলক্ষেত থানার পুলিশ গত শনিবার দিবাগত রাত একটা পাঁচ মিনিটে নিকুঞ্জ-১ সংলগ্ন কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের পাশ থেকে মিরাজের রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।গতকাল সকালে গুলশান বিভাগের পুলিশ, র‌্যাব ও একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আহমেদ ইমতিয়াজের মগবাজারের বাসায় যান। তাঁরা শোকার্ত ইমতিয়াজকে বাদী হওয়ার গুরুত্ব বোঝালে তিনি বাদী হতে রাজি হন। তিনি মামলার বিবরণ লিখে পুলিশ কর্মকর্তাদের কাছে দেন। পরে সকাল সোয়া ১০টায় তা খিলক্ষেত থানায় এজাহার হিসেবে নেওয়া হয়।আহমেদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, পুলিশ বাদী হলে মামলা ধীরগতিতে চলবে—এমনটাই তাঁকে বুঝিয়েছেন পুলিশের কর্মকর্তারা। এটা অনুধাবন করে তিনি বাদী হতে রাজি হন। মামলায় আসামি হিসেবে কারও নাম কিংবা কোনো কারণ উল্লেখ করেননি। তিনি বলেন, গোলাম আযমের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দেওয়ার জের ধরে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে, এটা তো না-ও হতে পারে। সাক্ষ্য দেওয়ার পর জামায়াত-শিবির তাঁকে হুমকিও দেয়নি। সাক্ষ্য দেওয়ার জের ধরে হত্যা করা হয়েছে—কারও কারও কাছে এমন কথা শুনে তিনি গণমাধ্যমে ওই কথা বলেছিলেন। তিনি চান, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত সত্য উদ্ঘাটন হোক।আহমেদ ইমতিয়াজ বলেন, ‘পুলিশের যে আন্তরিকতা দেখেছি, তা অব্যাহত থাকলে হত্যা-রহস্য উদ্ঘাটন হবে বলে আমি আশাবাদী।’দুপুরে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।এজাহারে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আহমেদ মিরাজ ধানমন্ডিতে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। এরপর তিনি আর পল্লবীর বাসায় ফেরেননি। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ১২টা ৫০ মিনিটের মধ্যে যেকোনো সময় কে বা কারা অন্য কোথাও হত্যা করে তাঁর লাশ কুড়িল উড়ালসেতুর নিচে রেললাইনের পাশে ফেলে গেছে। পূর্বপরিকল্পিতভাবে মিরাজকে হত্যা করা হয়েছে।আতঙ্কের কারণে গত সোমবার আহমেদ ইমতিয়াজের পরিবারের পক্ষ থেকে মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, গুলশান বিভাগের পুলিশ গতকাল হরতালের দায়িত্ব পালনে ব্যস্ত ছিল। এ কারণে তদন্তে অগ্রগতি হয়নি। আজ বুধবার থেকে পুলিশ পুরোদমে তদন্ত করবে।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রাইব্যুনালে আহমেদ ইমতিয়াজের সাক্ষ্য দেওয়া কিংবা মিরাজের সঙ্গে কারও ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা সামনে রেখে তদন্ত চলছে। এ ছাড়া হত্যার পেছনে পরিচিতজনেরা জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।