লাশ শনাক্তে মুঠোফোন ও পরিচয়পত্রই ভরসা
শরীরের সঙ্গে থাকা মুঠোফোন আর পরিচয়পত্রই এখন লাশ শনাক্ত করার প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে। কারণ, আর কোনোভাবে লাশ চেনার উপায় নেই। রানা প্লাজা ধসের ১১ দিন পেরিয়ে গেছে। উদ্ধারকর্মীরা জানান, এখন যেসব লাশ উদ্ধার হচ্ছে, তার সব কটিই বিকৃত হয়ে গেছে। ফলে লাশের সঙ্গে মুঠোফোন কিংবা পরিচয়পত্র পাওয়া গেলে তার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। যেসব লাশের সঙ্গে মুঠোফোন বা পরিচয়পত্র পাওয়া যাচ্ছে না, সেগুলো ডিএনএ পরীক্ষার জন্য রেখে দেওয়া হচ্ছে। তবে স্বজনেরা পরিধেয় পোশাক ও শরীরের গঠন দেখে লাশ শনাক্তের চেষ্টা করছেন। কিন্তু প্রশাসন বলছে, এই বর্ণনা শুনে লাশ হস্তান্তর করা যুক্তিযুক্ত হবে না। ফলে ডিএনএ পরীক্ষা পর্যন্ত স্বজনদের অপেক্ষায় থাকতে হচ্ছে। পরিচয় নিশ্চিত না হওয়ায় অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল শনিবার ১৫টি লাশ রাখা ছিল। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে ছিল নাম-পরিচয়হীন ৪৮টি লাশ। গতকালও কয়েক শ স্বজনকে লাশের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে একেকটি লাশের গাড়ি এলে এই লোকগুলো হুমড়ি খেয়ে পড়ছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের আশপাশের পরিবেশ এখন তিন ধরনের মানুষের আর্তকান্নায় ভারী হয়ে উঠেছে। একদল মানুষ লাশের পরিধেয় পোশাক ও শরীরের গঠন দেখে নিজেদের স্বজন দাবি করে প্রশাসনের লোকজনের পেছনে ছুটছেন। আরেক শ্রেণী উদ্ধার হওয়া লাশের মধ্যে নিজের নিখোঁজ স্বজনের কোনো চিহ্ন মেলাতে না পেরে চোখের পানি মুছছে। এই দুই শ্রেণীর চেয়ে কিছুটা হলেও আশ্বস্ত আরেকটি দল আছে, যারা নিজেদের স্বজনকে চিহ্নিত করে লাশের শেষ মর্যাদা রক্ষা করে দাফনের জন্য নিয়ে যেতে পারছে। লাশের বোঝা ভারী হচ্ছে: ভবনধসের ১১তম দিনে গতকাল ভোর থেকে রাত ১০টা পর্যন্ত উদ্ধার করা হয় আরও ২০টি লাশ। এ নিয়ে এই পর্যন্ত ৫৪৩টি লাশ উদ্ধার করা হলো। বিভিন্ন হাসপাতালে মারা গেছেন আরও নয়জন। সব মিলিয়ে ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৪ জনে। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে ৪৬০টি লাশ। জীবিত উদ্ধার দুই হাজার ৪৩৭ জন।গত রোববার রাতে দ্বিতীয় পর্যায়ের উদ্ধার অভিযান শুরুর পর থেকে গতকাল বিকেল পর্যন্ত ১৩৩টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৮৬ জন নারী। আর চারটি লাশ এতই বিকৃত হয়ে গেছে যে নারী, না পুরুষ তা শনাক্ত করা যায়নি। উদ্ধার অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা জানিয়েছেন, তিন দিন ধরে যত লাশ উদ্ধার করা হয়েছে, এর প্রায় সবগুলোই ধসে পড়া ভবনের পেছনের অংশ থেকে। ওই দিকের সিঁড়ি থেকেই এসব লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে ওই সিঁড়ির মুখে থাকা কলাপসিবল গেট সরানো হয়। সিঁড়ির আরেকটি অংশ এখনো ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। সেখানে আরও লাশ থাকতে পারে বলে উদ্ধারকর্মীরা ধারণা করছেন।পরিচয়পত্র ও মুঠোফোন দেখে লাশ হস্তান্তর: ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের পরই উদ্ধারকর্মীরা প্রথমে পরনের পোশাক পরীক্ষা করেন। উদ্দেশ্য, মুঠোফোন কিংবা পরিচয়পত্র পাওয়া যায় কি না? এই দুটির একটি পাওয়া গেলে পরিচয় নিশ্চিত হয়ে চিরকুট লিখে লাশ অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে পাঠানো হয়। গতকাল বেলা একটার দিকে একটি লাশ উদ্ধারের পর সঙ্গে একটি মুঠোফোন পাওয়া যায়। সেই ফোন চালু করে একটি নম্বরে ফোন দিলে অপর প্রান্তে ধরেন সেলিনা আক্তার। তাঁর কাছ থেকেই জানা যায়, নিহত ব্যক্তির নাম এসহাক, তাঁর স্বামী। এসহাক ইথার টেক্স কারখানার হেড অব প্রোডাকশন কো-অর্ডিনেটর ছিলেন। পরিবার নিয়ে সাভারের শাহীবাগে থাকতেন। বিকেলে পরিবারের সদস্যরা অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠ থেকে এসহাকের লাশ নিয়ে দাফনের ব্যবস্থা করেন। দুপুর ১২টার দিকেও একটি লাশ উদ্ধারের পর প্যান্টের পকেটে একটি মুঠোফোন পান উদ্ধারকর্মীরা। সেই ফোন চালু করে একটি নম্বরে ফোন দিলে জানানো হয়, এটি তাঁর চাচার নম্বর। নাম শাহীনুর। বাড়ি বগুড়া। পরে অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে লাশ পাঠানো হয় এবং স্বজনেরা এসে লাশ গ্রহণ করেন। এই দুজনের বাইরে গতকাল আর কাউকে লাশ দেওয়া যায়নি। চাঁদপুরের নূরজাহান বেগম গতকাল ভোরে একটি লাশকে তাঁর মেয়ের বলে শনাক্ত করেন। তিনি বলেন, শরীরে কোনো মাংস নেই। পরনের পোশাক দেখে তিনি নিশ্চিত হয়েছেন, এটাই তাঁর মেয়ে সেলিনা। কিন্তু জেলা প্রশাসন শুধু পোশাকের ওপর ভিত্তি করে লাশ হস্তান্তর করছে না। তাই প্রশাসন পরিচয় নিশ্চিতকারী ডিএনএ পরীক্ষা ছাড়া লাশ দেবে না বলে জানিয়ে দিয়েছে। নূরজাহানের পাশেই বসা ছিলেন তাঁর আরেক মেয়ে আকলিমা। দুই বোনই রানা প্লাজার সপ্তম তলায় কাজ করতেন। আকলিমা ভবনধসের দিন বিকেলে উদ্ধার হন। এর পর থেকে আকলিমা কারও সঙ্গে কথা বলছেন না। নূরজাহান জানান, চিকিৎসক ঢাকায় নিয়ে আকলিমাকে চিকিৎসা করাতে বলেছেন। কিন্তু বড় মেয়ের লাশ নেবেন, না ছোট মেয়ের চিকিৎসা করাবেন—এই হতাশায় কান্নায় ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে নূরজাহান বলেন, ‘আমার টেকার কোনো দরকার নাই। লাশটা দিলেই চলব।’ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি লাশ সমাহিত করার জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হয়। এক পরিবারের তিনজনের খোঁজ নেই: জামালপুর সদরের সাউনিয়া গ্রামের ইব্রাহিম তাঁর পরিবারের তিন সদস্যের খোঁজে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন ১১ দিন ধরে। প্রথম কয়েক দিন ধসে পড়া ভবনের আশপাশেই ছিলেন। জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়ে এখন লাশের অপেক্ষায়। রাতও কাটে অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। কথা বলারও শক্তি কমে এসেছে। ইব্রাহিম বলেন, ছোট ভাই খোকন, বোন হালিমা ও বোনজামাই আনিস কাজ করতেন রানা প্লাজার পঞ্চম তলায়। ভবনধসের পর মা-বাবা মৃত্যুশয্যায়। তিনি কয়েক দিন ধরে লাশের গাড়ি এলেই দৌড়ে যাচ্ছেন। কিন্তু স্বজনদের চিহ্নিত করতে পারছেন না। শুক্রবার রাতে ও গতকাল সারা দিন কয়েক শ লোককে স্বজনদের খোঁজে অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে এ-টেবিল ও-টেবিল ঘুরতে দেখা গেছে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, নিখোঁজ ব্যক্তির সংখ্যা ১৮২ জন। এ তালিকায় নাম ওঠানোর পর জীবিত বা মৃত উদ্ধার করা হয়েছে ৩৩ জন। প্রশাসনের এ তালিকা যাচাই-বাছাইয়ের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। যাচাই-বাছাইয়ে তারা ১৭ জনের অসম্পূর্ণ তথ্য পেয়েছে। আর পাঁচজনের কোনো তথ্য নিশ্চিত হতে পারেনি। কারণ, সন্ধানপ্রার্থী যে ফোন নম্বর দিয়ে গেছেন, তাতে ফোন করলে ও-প্রান্ত থেকে কোনো তথ্যই দিতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণকক্ষ থেকে এখন নিখোঁজ ব্যক্তির সংখ্যা ১২৭ জন বলে জানানো হয়েছে।