লাশ হয়ে বাবার বাড়ি ফিরলেন সানজিদা!
প্রায় ছয় মাস পর বাবার বাড়ি ফিরেছেন সানজিদা আক্তার (২৪)। তবে পরিবারের কারও সঙ্গে কথা বলার ক্ষমতা নেই তাঁর। আনন্দের পরিবর্তে বাড়িজুড়ে শোক। সানজিদা যে ফিরেছেন লাশ হয়ে। গতকাল শুক্রবার রাতে কুমিল্লা থেকে গাড়িযোগে সানজিদার লাশ রাজধানীর বাড্ডায় নিয়ে আসেন তাঁর স্বামী শেখ সেলিম। তিনি জানান, সানজিদার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাই সানজিদার লাশ দাফন-কাফনের ব্যবস্থা চলছিল। কিন্তু বাড্ডা থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করার পর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সানজিদাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তাই এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সেলিমকে আটক করা হয়েছে। সানজিদার পরিবার জানায়, সানজিদার বাবার বাড়ি আনন্দনগরে। তিন বছর আগে নড়াইল জেলার বাসিন্দা শেখ সেলিমের সঙ্গে সানজিদার বিয়ে হয়। স্বামীর চাকরির সুবাদে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের সামনে এক বাসায় থাকতেন সানজিদা। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে সেলিম সানজিদার মাকে ফোন করে জানান, সড়ক দুর্ঘটনায় সানজিদা মারা গেছেন। পরে রাত ১২টার দিকে সানজিদার বাবা খোরশেদ আলমকে সেলিম বলেন, স্ট্রোক করে মারা গেছেন সানজিদা। খবর শোনার পর সানজিদার লাশ নিয়ে সেলিমকে ঢাকায় আসতে বলেন খোরশেদ আলম। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ আহম্মেদ প্রথম আলো ডটকমকে বলেন, খবর পেয়ে আজ দুপুরে সানজিদার লাশ উদ্ধার করা হয়। এরপর দেখা যায়, সানজিদার ডান হাতের কনুই থেকে কাঁধ পর্যন্ত জখমের চিহ্ন রয়েছে। গলায় কালো দাগ। সন্দেহজনক হওয়ায় সানজিদার স্বামী শেখ সেলিমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম পুলিশকে বলেছেন, ফাঁস দিয়ে সানজিদা আত্মহত্যা করেছেন। নাহিদ আহম্মেদ আরও বলেন, ‘সেলিমের বক্তব্যের অসামঞ্জস্যতা ও সানজিদার লাশের ধরন দেখে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে সানজিদাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আর তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সেলিম। ঘটনার বিষয়ে বরুড়া থানার পুলিশকে অবহিত করা হয়েছে। এ ছাড়া লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ মৃত্যুর ঘটনায় মামলা করবেন কি না—জানতে চাইলে সানজিদার বাবা খোরশেদ আলম প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর তা নির্ভর করছে।