লাশবাহী পিকআপ দুর্ঘটনায় পুলিশসহ দুজন নিহত
কুষ্টিয়ায় লাশবাহী একটি পিকআপ দুর্ঘটনায় পুলিশের হাবিলদারসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চার পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইনে মাজহারুল ইসলাম নামের পুলিশের এক সদস্য হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রাত সাড়ে নয়টার দিকে লাশ পিকআপে করে মাজহারুলের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ওই পিকআপে মাজহারুলের ভগ্নিপতি ও পুলিশের পাঁচজন সদস্য ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় পিকআপটি। ঘটনাস্থলেই পুলিশের হাবিলদার আবদুস সালামের মৃত্যু হয়। আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাজহারুলের ভগ্নিপতি খালেকুজ্জামানের মৃত্যু হয়।পরে আহতদের দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা বলেন, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকটি না দেখতে পেয়ে লাশ বহনকারী পিকআপটি দুর্ঘটনায় পড়ে। পিকআপের চালক সুমন ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। দুটি ট্রাকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আজ বুধবার ভোরে সব প্রক্রিয়া সম্পন্ন করে লাশগুলো তাদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।