লাশের ওপর প্রস্রাব, অভিযুক্ত মেরিন সেনা
নিহত তালেবান জঙ্গিদের গায়ে প্রস্রাব করা ও লাশের সঙ্গে বিশেষ ভঙ্গিমায় ছবি তোলার ঘটনায় একজন মার্কিন সেনাকে অভিযুক্ত করা হয়েছে। সামরিক আদালতের বিচারে পৃথক দুটি অভিযোগে তাঁর পদাবনতি ও ৫০০ ডলার জরিমানা হবে। গতকাল বৃহস্পতিবার মেরিন কোরের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।নর্থ ক্যারোলাইনার লেজেউন ক্যাম্পের সামরিক আদালতে ওই মেরিন সেনা স্টাফ সার্জেন্ট জোসেফ চ্যাম্বলিনের বিচার করা হয়। সার্জেন্ট চ্যাম্বলিনের বিরুদ্ধে অধস্তন মেরিন সেনাদের কর্মকাণ্ড যথাযথভাবে তত্ত্বাবধানে ব্যর্থতা ও লাশের ওপর প্রস্রাব করার অভিযোগ আনা হয়। এখানে প্রস্রাব করার ঘটনাকে সীমা লঙ্ঘন হিসেবে দেখা হয়েছে।২০১১ সালের জুলাইয়ে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এ অমানবিক ঘটনাটি ঘটে। এর ভিডিওচিত্র চলতি বছরের জানুয়ারিতে গুগলের জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব ও অন্যান্য ওয়েবসাইটে প্রকাশ হলে বিশ্বে তীব্র নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, চারজন মেরিন সেনা তিন মৃত তালেবান জঙ্গির ওপর প্রস্রাব করছে।