লাশের জন্য পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখ দেখে চেনার উপায় নেই। পুরো শরীর প্রায় গলে গেছে। গাইবান্ধার সালেহা বেগম দাবি করছিলেন, লাশটি তাঁর মেয়ে রাশিদার। পরনের লাল ফুলের নকশা করা জামা আর হাতের দুটি সিটি গোল্ডের চুরি দেখে তিনি চিনেছেন মেয়েকে। কিন্তু এতে সন্তুষ্ট নন নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তারা। তাই মরদেহটি হস্তান্তর করা হয়নি।সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল শুক্রবার দুপুরে মেয়ের ছবি নিয়ে সালেহা বেগম বিলাপ করছিলেন, ‘খাঁচার জাগাত খাঁচা আছে, বাছা হামার উইড়া গেছে। ওরা হামার বাছারে দেয় না। তোমরা হামার বাছারে হামার কাছে ফেরত দাও।’সাভারের রানা প্লাজা ধসের ১০ দিন পরও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। আনা হচ্ছে অধরচন্দ্র বিদ্যালয়ে। দেহগুলো বিকৃত হয়ে গেছে। পুরো দেহ পাওয়া যায়নি অনেকের। কারও দেহের ওপরের, কারও নিচের অংশ কিংবা দেহ বিচ্ছিন্ন হাত, পা, মাথা একত্র করে মরদেহ রাখার ব্যাগে ভরে আনা হচ্ছে। আগের মতোই এসব লাশ রাখা হচ্ছে বিদ্যালয়ের বারান্দায়। স্বজনহারা মানুষেরা ব্যাকুল হয়ে লাশের জামাকাপড় দেখে নিখোঁজ স্বজনকে চেনার চেষ্টা করছেন।বিদ্যালয়ের মাঠের বাতাস ভারী হয়ে আছে গলিত মৃতদেহের উৎকট গন্ধে। এখনো শত শত স্বজনহারা মানুষ অপেক্ষা করছেন মাঠে। কেউ মাটিতে, কেউ হোগলার পাটি পেতে বসেছেন স্বজনকে সঙ্গে নিয়ে। মাঠেই রাত কাটাচ্ছেন তাঁরা। শরণার্থী শিবিরের মতো পরিবেশ।রাশিদার স্বামী সাইফুল ইসলাম জানান, সকাল আটটায় একটি লাশ এসেছে। রাশিদার পরনের কামিজের সঙ্গে লাশের কামিজ মিলেছে। কিন্তু তাঁদের বলা হয়েছে, লাশ ঢাকা মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হবে। সেখানে রাশিদার মাকে নিয়ে গিয়ে ডিএনএ পরীক্ষা করাতে হবে। সাইফুল বুঝতে পারছিলেন না, কোথায় গিয়ে কীভাবে ডিএনএ পরীক্ষা করাতে হবে। লাশ নিতে এসে তাঁর মতো অনেকেই এই সমস্যায় পড়েছেন।হবিগঞ্জের মিতালীর বিয়ে হয়েছে মাত্র তিন মাস। গতকাল দুপুরে অধরচন্দ্র বিদ্যালয় মাঠে আনা একটি মরদেহের শার্ট-প্যান্ট দেখে তিনি তা স্বামী যাদবের বলে শনাক্ত করেন। কিন্তু আর কোনো প্রমাণ না থাকায় তাঁদের কাছেও দেহটি হস্তান্তর করা হয়নি। ডিএনএ পরীক্ষা করতে বলা হয়েছে।নিয়ন্ত্রণ কক্ষের তত্ত্বাবধায়ক ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মোহাম্মদ ইফতেখার হোসেইন প্রথম আলোকে বলেন, ‘এখানে লাশ শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। লাশের সঙ্গে থাকা পরিচয়পত্র, মুঠোফোন বা সিমকার্ড এ ধরনের কোনো নিশ্চিত প্রমাণ না পাওয়া গেলে হস্তান্তর করা হচ্ছে না। অনেকেই পরনের জামাকাপড়, বেল্ট, চুড়ি, কানের দুল দেখে শনাক্ত করার কথা বলছেন। এতে আমরা নিশ্চিত হতে পারছি না। কারণ দেখা গেছে, এ ধরনের প্রমাণ নিয়ে একই লাশের একাধিক অভিভাবক আসছেন। সে জন্য আমরা তাঁদের মর্গে যেতে বলছি ডিএনএ পরীক্ষা করতে।’ তবে কীভাবে, কোথায় ডিএনএ পরীক্ষা করাতে হবে, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।ইফতেখার হোসেইন জানান, ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজের মর্গে লাশ রাখা হচ্ছে। সেখানেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা থাকতে পারে। তবে এই স্বজনহারা শোকার্ত মানুষদের পক্ষে সেখানে গিয়ে খোঁজখবর করে ডিএনএ পরীক্ষা করানো যে বেশ ঝামেলাপূর্ণ, তা-ও তিনি স্বীকার করলেন। এ জন্য স্কুলের মাঠেই বা আশপাশে কোনো নির্দিষ্ট স্থানে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের কেন্দ্র খোলা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।বিদ্যালয় মাঠ থেকে অশনাক্ত মরদেহ বা খণ্ডিত দেহগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামের লাশবাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল মর্গে। আঞ্জুমানের গাড়িতে লাশ তুলতে গেলেই স্বজনহারা মানুষেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। লাশগুলো বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে—এমন শঙ্কায় অনেকে লাশবাহী গাড়ির পথরোধ করার চেষ্টাও করেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে মাইকে জানানো হয়, কোনো লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে না। বিদ্যালয়ের মাঠ থেকে অশনাক্ত লাশগুলো ঢাকা মেডিকেল ও মিটফোর্ড মেডিকেলের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে, ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য। সেখানেই লাশগুলো রাখা হবে।এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ন্যাশনাল ফরেনসিক প্রোফাইলিং ল্যাবরেটরির প্রধান অধ্যাপক শরীফ আকতারুজ্জামান প্রথম আলোকে জানান, এখানে প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের স্বজনের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে নিখোঁজ ব্যক্তির মা-বাবা, সন্তান নমুনা দিতে পারবেন। এ পর্যায়ের কোনো আত্মীয় না থাকলে দাদা-দাদি বা নানা-নানি নমুনা দিতে পারবেন। যে লাশ আসছে, সেগুলো থেকে নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে। যে অভিভাবক বা স্বজনেরা নমুনা দিচ্ছেন, সেগুলোও সংগ্রহ করা হচ্ছে। এসব নমুনা পরীক্ষা করে জীবিত ও মৃত ব্যক্তিদের নমুনা মিলিয়ে অভিভাবকদের শনাক্ত করা হবে। এ জন্য দুই থেকে তিন সপ্তাহ লেগে যাবে। এত দিন এই লাশগুলো মর্গে রাখা সম্ভব হবে না। নমুনা সংগ্রহের পর জুরাইন কবরস্থানে একটি ক্রমিক নম্বর দিয়ে লাশগুলো দাফন করা হবে। শরীফ আকতারুজ্জামান বলেন, ডিএনএ পরীক্ষার ফল পাওয়ার পর অভিভাবকদের দেখিয়ে দেওয়া হবে কোন কবরে তাঁদের স্বজনকে দাফন করা হয়েছে। কোনো অভিভাবক যদি লাশ জুরাইন থেকে তুলে তাঁদের বাড়িতে নিয়ে দাফন করতে চান, সেটিও তাঁরা করতে পারবেন।আপাতত নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো লাশ দেওয়া হচ্ছে না। তবে স্বজনহারা শোকার্ত মানুষেরা ব্যাকুল হয়ে কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করছেন, গলিত দেহটি তাঁদেরই আপনজনের।