লাশের সংখ্যা বাড়ছেই, আজ উদ্ধার ১০৩ (ভিডিও)
সাভারের রানা প্লাজা ভবনধসের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯২১ জনে পৌঁছেছে। গতকাল বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত আরও ১০৩টি লাশ উদ্ধার করা হয়।অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ ও বিভিন্ন হাসপাতাল থেকে এ পর্যন্ত ৬৭৬টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে আরও ৫৯টি লাশ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে ৪৭টি লাশ। এ দুটি মর্গে এখনো ১২২টি লাশ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এ পর্যন্ত মোট ৬৪টি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।এখনো মোট কত জন নিখোঁজ রয়েছে, এ ব্যাপারে জেলা প্রশাসন নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পরে যত লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে, ততটিই নিখোঁজ বলে ধরে নেওয়া হবে।