লাশের সুরতহাল প্রতিবেদনে পুলিশের মনগড়া তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মৃতা অনেকটা উগ্র স্বভাবের এবং পাগলের ন্যায় হাসত এবং তাকিয়ে থাকত। এতে কর্নেল (অব.) আবুল কালাম মো. জাকিরের স্ত্রী মিসেস মাহাবুবা জাকির শাসন করিলে অদ্য ১৭-০৪-১১ অনুমান ২০-৩০ মিনিটের সময় সকলের অগোচরে মৃতা নাসরিন (নাজমা) ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে।’রাজধানীর বারিধারা ডিওএইচএসের এক বাসা থেকে উদ্ধার করা গৃহকর্মীর মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে এসব কথা লেখেন ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার। সুরতহাল প্রতিবেদনে মৃতদেহের পূর্ণাঙ্গ বিবরণ লেখার কথা। এতে ‘উগ্র স্বভাবের’ ‘পাগলের ন্যায় হাসত’ ইত্যাদি লেখার নিয়ম আছে কি না, জানতে চাইলে এসআই স্বপন চন্দ্র সরকার গত ১৭ এপ্রিল প্রথম আলোকে বলেছিলেন, ‘না কোনো নিয়ম নেই’। তাহলে কেন লিখলেন—এ প্রশ্নের জবাব দেননি ওই কর্মকর্তা।তবে পুলিশের একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন, পুলিশের তৈরি করা অনেক সুরতহাল প্রতিবেদনই নিয়মবহির্ভূতভাবে অপ্রাসঙ্গিক ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য লেখা হয়। ঘটনাকে ভিন্ন খাতে নিতে এমনটা করা হয় বলে অভিযোগ আছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এমনকি এ ধরনের সুরতহাল প্রতিবেদন পরবর্তী সময়ে ময়নাতদন্ত প্রতিবেদনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে কোনো হত্যার ঘটনাকে আত্মহত্যা, দুর্ঘটনা বা অপমৃত্যু বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টায় এ ধরনের সুরতহাল প্রতিবেদনকে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে সাম্প্রতিক বড় উদহারণ শরীয়তপুরের কিশোরী হেনা হত্যাকাণ্ডের ঘটনা। রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট শহীদুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির বিষয়ে অনেকের প্রশিক্ষণ নেই। এ কারণে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বিষয় সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করে থাকেন। সুরতহাল কী: খুন, আত্মহত্যা, দুর্ঘটনা বা অন্য কোনোভাবে কারও অস্বাভাবিক মৃত্যু হলে ফৌজদারি আইন অনুসারে ময়নাতদন্তের আগে মৃতদেহ কী অবস্থায় পাওয়া গেছে, শরীরে ক্ষত, আঘাতের চিহ্ন, ভাঙা, মচকানো বা আঁচড়ের দাগ এবং কী ধরনের অস্ত্র বা যন্ত্রের (যদি থাকে) মাধ্যমে ক্ষতের সৃষ্টি হয়েছে বলে মনে হয়, সেসব উল্লেখ করে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে হয়। পুলিশ বা ম্যাজিস্ট্রেট এটি তৈরি করেন। মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী সুরতহাল প্রতিবেদনে লাশের পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন দিকের বর্ণনা থাকতে হয়। শরীরের কোন অঙ্গটি কীভাবে পাওয়া গেছে, কোনো আঘাত বা দাগের চিহ্ন আছে কি না, প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করতে হয়। এখানে মৃত ব্যক্তি কেমন ছিল, কী ধরনের আচরণ করত—এমন কথা উল্লেখের সুযোগ নেই। বাস্তব অবস্থা: গত ১১ জুন রাজধানীর আদাবরের একটি বাসা থেকে গৃহবধূ শাহিদা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন করেন আদাবর থানার এসআই মোহসীন হাওলাদার। তিনি প্রতিবেদনে লেখেন, বাসায় শ্বশুর, শাশুড়ি ও দেবরের সঙ্গে থাকতে সমস্যা হচ্ছিল বলে শাহিদা স্বামী ফিরোজকে নতুন বাসা নিতে বলেছিলেন। আর তা না নেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। শাহিদার মা-বাবার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি জেদি প্রকৃতির ছিলেন।এসব অপ্রাসঙ্গিক কথা কেন সুরতহাল প্রতিবেদনে লেখা হলো, জানতে চাইলে এসআই মোহসীন প্রথম আলোকে বলেন, ‘মৃত্যুর ব্যাপারে ডাক্তারদের একটা ধারণা দিতে হবে না।’গত ২ মার্চ শাহ আলী থানার নবাবেরবাগ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক মেয়ের (১৮) লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে এসআই আবদুল বারী লিখেছেন, ‘তদন্তকালে আরও জানা যায়, মৃতা হজরত শাহ আলী মাজারে অবাধে চলাফেরা করত। তাহার কোনো ঠিকানা কেহ বলিতে পারে নাই। অসৎ চরিত্রের লোকজন তাহাকে ফুসলাইয়া নিয়া ধর্ষণ করিয়া হত্যা করিয়াছে বলিয়া মনে হইতেছে।’গত ৮ মার্চ খিলগাঁওয়ে নিহত সালাউদ্দিনের (৫০) লাশের সুরতহাল প্রতিবেদনে লেখা হয়, প্রাথমিক তদন্তে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।গত ২১ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা এক লাশের সুরতহাল প্রতিবেদনে এসআই ইয়াছিন মুন্সি লিখেছেন, ‘মৃতের লাশ সৎকাজের (সৎকার) জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া যাইতে পারে।’এডিসি মাসুদুর রহমান বলেন, কোনো পুলিশ কর্মকর্তা সুরতহাল প্রতিবেদনে এ ধরনের অপ্রাসঙ্গিক বিষয় আনলে ধরে নিতে হবে, তিনি সুরতহাল প্রতিবেদন তৈরিতে অদক্ষ অথবা তিনি পক্ষপাতদুষ্ট। বিভিন্ন ধরনের অস্বাভাবিক মৃত্যুর বেশ কিছু ঘটনার সুরতহাল প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, সাম্প্রতিক এমন অপ্রাসঙ্গিক কথা ও তথ্য লেখার প্রবণতা বাড়ছে। সুরতহালে ‘ক্রসফায়ার’: গত ৩ এপ্রিল শফিক নামে কুমিল্লার এক ব্যক্তি র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা যান। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন আড়াইহাজার থানার এসআই জাহিরুল ইসলাম। তিনি লিখেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা যায়, র‌্যাব-১১-এর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে শফিক গুরুতর আহত হইলে তাহাকে চিকিৎসার জন্য আড়াইহাজার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলিয়া ঘোষণা করেন।’ এর আগে গত বছরের ২৮ নভেম্বর র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক ছিনতাইকারী মারা যায়। গুলশান থানার এসআই রফিকুল ইসলাম সুরতহাল প্রতিবেদনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ পুরো কাহিনিই তুলে ধরেন। অন্যান্য ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধের’ ঘটনার আদলে এই ক্ষেত্রেও র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে যে কাহিনি লিখেছিল, সেটাই সুরতহাল প্রতিবেদনে লেখা হয়। জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী সুরতহাল প্রতিবেদনে ‘প্রাথমিক তদন্তে জানা যায়’ বলে কোনো অপ্রাসঙ্গিক বিষয় লেখা যাবে না। যে পুলিশ বা ম্যাজিস্ট্রেট লাশের সুরতহাল করতে যায়, তিনি তদন্ত করতে যান না। আর মৃত্যুর কারণ নির্ণয় করার দায়িত্ব চিকিৎসকের।নেতিবাচক প্রভাব: সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের মতে, অনেক সময় ত্রুটিপূর্ণ সুরতহাল প্রতিবেদন ময়নাতদন্তের প্রতিবেদনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর বড় নজির শরীয়তপুরের চামটা গ্রামে ১৪ বছরের কিশোরী হেনা আক্তারের সুরতহাল প্রতিবেদন। ধর্ষণের বিচার চেয়ে উল্টো গ্রাম্য সালিসে দোররা মেরে হত্যা করা হয় হেনাকে। অথচ তার লাশের সুরতহাল প্রতিবেদনে নড়িয়া থানার এসআই আসলাম উদ্দিন অপ্রাসঙ্গিকভাবে লিখেছেন, হেনা আক্তারের সঙ্গে তার চাচাত ভাই মাহবুবের প্রেমের সম্পর্ক ছিল। প্রতিবেদনে শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই বলে উল্লেখ করা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনও সুরতহালের আদলে তৈরি করা হয়। কিন্তু পরে হাইকোর্টের আদেশে দ্বিতীয় দফা ময়নাতদন্তে বেরিয়ে আসে হেনাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান কাজী গোলাম মোখলেসুর রহমান বলেন, একজন চিকিৎসক প্রাথমিক তথ্য জানতে পুলিশের সুরতহাল প্রতিবেদন দেখেন। তবে সুরতহাল প্রতিবেদন অনুসারেই যে ময়নাতদন্ত হয়, তা ঠিক নয়।