লাহোরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১১, আহত ৬০
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে পুলিশের গোয়েন্দা দপ্তরে সোমবার সকালে এক আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও কমপক্ষে ৬০ ব্যক্তি আহত হয়েছে। সকালের ব্যস্ত রাস্তায় বোমাটি বিস্ফোরিত হয়।প্রাথমিকভাবে জানা গেছে, সন্ত্রাসীরা একটি গাড়িতে করে পুলিশের গোয়েন্দা দপ্তরের সামনে এসে এর বিস্ফোরণ ঘটায়। পাঞ্জাবের প্রাদেশিক পুলিশপ্রধান তারিক সালেম দগারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি পাকিস্তান সরকার তালেবানবিরোধী অভিযানে অর্জিত যে সাফল্যের জন্য মার্কিন প্রশাসনের প্রশংসা কুড়িয়েছে, আজ সকালের বোমা হামলা সেই সাফল্যকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। লাহোর পুলিশপ্রধান পারভেজ রাঠোর জানিয়েছেন, এখন পর্যন্ত বিস্ফোরণে ১১ জনের মৃত্যু নিশ্চিত করা গেলেও, এ সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে মেডিকেল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলায় পুলিশ গোয়েন্দা দপ্তরের ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর সামনের রাস্তায় এক বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, লাহোর পুলিশের গোয়েন্দা দপ্তর এর আগেও দুবার সন্ত্রাসী হামলার শিকার হয়।এদিকে বারবার সন্ত্রাসী হামলার শিকার হওয়া লাহোর পুলিশের গোয়েন্দা দপ্তর একটি আবাসিক এলাকার কাছাকাছি অবস্থিত হওয়ায় এলাকার অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বোমা বিস্ফোরণের পরপরই সেখানে আগত পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন সেখানকার অধিবাসীরা। তাঁরা বলেন, ‘এর আগেও দুবার গোয়েন্দা দপ্তরে বোমা হামলা হয়। আমরা এই অফিসটি এ এলাকা থেকে সরিয়ে নিতে বারবার অনুরোধ জানিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের অনুরোধে কর্ণপাত করেনি।’