লাহোরে আত্মঘাতী হামলা, নিহত ৩৯
পাকিস্তানের লাহোরে আজ শুক্রবার দুটি বিস্ফোরণে ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৫ জন। পুলিশ জানায়, একটি বিস্ফোরণ হয়েছে সেনানিবাস এলাকার কাছে। কেউ এখন পর্যন্ত এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, ১৫-২০ সেকেন্ডের মধ্যে দুটি আত্মঘাতী হামলা হয়। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে সেনাসদস্যদের বহনকারী গাড়িতে হামলা চালায়।লাহোরের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ বলেন, আজ এক আত্মঘাতী হামলাকারী সেনাবাহিনীর একটি গাড়িতে আক্রমণ চালায়। এতে কমপক্ষে ৩৯ জন আহত হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সেনাসদস্য। তিনি আরও জানান, আবাসিক এলাকার সংশ্লিষ্ট ওই বাজারে গোলাগুলির শব্দ শোনা গেছে।বার্তা সংস্থার খবরে বলা হয়, বিস্ফোরণের শব্দ শোনার পরে উদ্ধারকর্মীরা সেখানে ছুটে যান। ওই এলাকায় শুক্রবারের জুমার প্রধান জামাত হওয়ার কথা। এ নিয়ে লাহোরে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বোমা হামলার ঘটনা ঘটল।