লাহোরে বিষাক্ত সিরাপ খেয়ে ১৬ জনের মৃত্যু
পাকিস্তানের লাহোরের শাহধরা শহরে কাশি সারাতে বিষাক্ত সিরাপ খেয়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। স্থানীয় পুলিশের প্রধান আতিফ জুলফিকার জানান, গত শুক্র ও শনিবার এসব মৃত্যুর ঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই মাদকাসক্ত। বেশিমাত্রায় নেশা করার জন্য তাঁরা ওই সিরাপ খেয়েছিলেন। তিনি জানান, মৃত ব্যক্তিদের কয়েকজনকে একটি কবরস্থানে পড়ে থাকতে দেখা যায়। সেখানে মাদকাসক্তরা বিভিন্ন ধরনের মাদক নিত।জুলফিকার আরও জানান, সিরাপ সরবরাহ করার অভিযোগে তিনটি ওষুধের দোকান ও একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। দোকানগুলোর মালিকদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা খাজা সালমান রফিক জানান, সব ওষুধের দোকান থেকেই সিরাপগুলো জব্দ করা হবে। তিনি জানান, ওষুধের বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা অনুসন্ধানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি আরও জানান, তদন্তকারীরা একটি ওষুধ তৈরির কারখানা বন্ধ করে দিয়েছেন। তাঁরা ওই সিরাপের নমুনা গবেষণাগারে পাঠিয়েছেন।লাহোরের মায়ো হাসপাতালের চিকিত্সক তাহির খলিল জানান, সিরাপ খেয়ে আক্রান্ত ১৫ থেকে ৪৫ বছর বয়সী ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে সাতজন মারা গেছেন। ছয়জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর সাতজন এখনো হাসপাতালে আছেন। ‘দ্য ডন’-এর খবরে বলা হয়, এ বছরের জানুয়ারিতে লাহোরে স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত ওষুধ খেয়ে প্রায় ১০০ জন হূদরোগী মারা যাওয়ার পর ওই শহরে আবার এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটল।