লাহোরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে গতকাল সোমবার গ্যাস বিস্ফোরণে তিনতলা কারখানা ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১০ জন নারী এবং তিনটি শিশু।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, লাহোরের উপকমিশনার আহাদ চিমা বলেন, ভবনের ভেতর থাকা কয়েকটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ওই ভবনে আরও অনেকেই আটকে আছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ওই কারখানায় বেআইনিভাবে পশু রোগের (ভেটেরিনারি) ওষুধ তৈরি করা হতো। স্থানীয় ট্রেড ইউনিয়নের নেতা ফারুক তারিক বিবিসিকে জানান, কারখানায় অনেক শিশু শ্রমিক ছিলেন।জরুরি সহায়তা কাজে নিয়োজিত এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আরও ১৩ জনকে আমরা জীবিত উদ্ধার করেছি।’কর্মকর্তারা বলেন, লাহোরের এক আবাসিক এলাকায় অবস্থিত এই কারখানাটি ২৫ বছরের পুরোনো। যথাযথভাবে নিবন্ধন না করেও কারখানাটি বেআইনিভাবে কাজ চালিয়ে যাচ্ছিল। পাঞ্জাব প্রদেশের উদ্ধার কর্মে নিয়োজিত প্রতিষ্ঠানের প্রধান রিজওয়ান নাসিরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ধসে পড়ার সময় ভবনটিতে নারী ও শিশুশ্রমিকসহ ৬০ জন কর্মরত ছিল।