লাহোরে শিয়া শোভাযাত্রায় বোমা হামলা, নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাহোরে শিয়া মুসলমানদের এক শোভাযাত্রায় গতকাল বুধবার পৃথক তিনটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছে।লাহোর স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, গতকাল বুধবার ঠিক ইফতারের আগ দিয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এদিন প্রথম শিয়া ইমাম আলি বিন আবু তালিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৩৫ হাজার শিয়া মুসল্লি একটি শোভাযাত্রা বের করেছিল। শোভাযাত্রাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। জিও টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, লাহোরের কারবালা জামে শাহ ইমামবাগের কাছেই ভিড়ের মধ্যে প্রথমে একটি ছোট বিস্ফোরণ হয় এবং এর পর আরও দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।ওই শোভাযাত্রায় অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, ‘শোভাযাত্রাটি শেষ হওয়ামাত্রই সামান্য সময়ের ব্যবধানে আমি তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছি।’প্রথম বিস্ফোরণটি আত্মঘাতী ছিল কি না, সে ব্যাপারে কর্মকর্তারা নিশ্চিত নন। কিন্তু তদন্তকারীরা বলছেন, তাঁরা তিনজন আত্মঘাতী বোমা হামলাকারীর মৃতদেহ উদ্ধার করেছেন। এ হামলায় আহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ৩৫ জনের অবস্থা গুরুতর। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করে হামলাকারীদের উপযুক্ত শাস্তির ঘোষণা দিয়েছেন।—বিবিসি