লাহোরে সহিংসতার পর জঙ্গি দমনের জন্য চাপের মুখে সরকার
অর্থনৈতিকভাবে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ও ঐতিহ্যবাহী ক্ষমতার কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কয়েক ডজন লোক নিহত হওয়ার পর জনগণ গতকাল শুক্রবার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর সরকারি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।গত বৃহস্পতিবার রাতে দুজন আত্মঘাতী বোমা হামলাকারী পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পাকিস্তানের সবচেয়ে পবিত্র সুফি সাধকের মাজারে হামলা চালালে কমপক্ষে ৫০ জন নিহত ও ১৭৫ জন আহত হয়। গত এক মাসের মধ্যে চালানো বড় আকারের হামলাগুলোর মধ্যে এটি ছিল দ্বিতীয়।পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান বিদ্রোহীদের দমনে অভিযান চালিয়ে সেনাবাহিনী তার অবস্থান কিছুটা উন্নত করতে পারলেও, এ রক্তক্ষয়ী হামলার ফলে দেশটির ওপর জঙ্গি দমনের জন্য চাপ আরও বাড়বে। এ হামলার পর সারা দেশে সুফিদের মাজারগুলোয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।পাকিস্তানিরা যাঁরা ইতিমধ্যে অর্থনৈতিক সমস্যা ও বিদ্যুত্ সংকটে জর্জরিত, তাঁরা এ হত্যাকাণ্ডের পর পাঞ্জাব সরকারের কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।অন্তত দুই হাজার লোক, যাঁদের কেউ কেউ অস্ত্র বহন ও লাহোরে বিক্ষোভ প্রদর্শন করেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগের দাবিতে তাঁরা স্লোগান দেন, ‘শাহবাজ শরিফ নিপাত যাক’। সন্ত্রাসীদের দমন করার যে প্রতিজ্ঞা তিনি বারবার উচ্চারণ করেছেন, তা নিয়ে তাঁরা বিদ্রূপ করেন। এদিকে ব্যক্তিমালিকানাধীন দুনিয়া টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে ইমাম মোহাম্মদ নাঈম বলেন, ‘পাঞ্জাবে প্রায়ই এ ধরনের হামলা হচ্ছে। আমি মনে করি, এ ধরনের প্রতিটি হামলার পর হুমকি দেওয়ার বদলে তাঁর উচিত কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।’তালেবানরা সাধারণত ইসলামের সুফি শাখাকে ঘৃণা করেন। তাঁরা মুসলমানদের মাজারে যাওয়া সমর্থন করেন না, যদিও মাজার জেয়ারত পাকিস্তানি জনগণের বেশ প্রিয়।এদিকে এ ঘটনার সঙ্গে পাঞ্জাবের তালেবান বিদ্রোহীদের জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় কর্মকর্তারা। — রয়টার্স