লাহোরের মাজারে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪১
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে এক সুফি সাধকের মাজারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার সময় ওই মাজারে হাজার হাজার ভক্ত ছিলেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ইরানের সুফি আবুল হাসান আলী হাজভেরির মাজারে আত্মঘাতী বোমা হামলাকারীরা অন্তত দুবার হামলা চালায়। তবে পুলিশ বলছে, অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। হামলার পর পরই দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারে কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। লাহোরের কমিশনার খসরু পারভেজ জানান, মাজারের ভেতর দুটি হামলা হয়েছে। অন্য হামলার ঘটনা মাজারের বাইরে ঘটে। মাজার প্রাঙ্গণের বাইরে যেখানে বোমা হামলা করা হয়, সেখানে দর্শনার্থীদের অনেকে বিশ্রাম এবং ভক্তরা প্রার্থনার জন্য প্রস্তুতি নিচ্ছেলেন।