লাহোরের হাসপাতালে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত
পাকিস্তানের লাহোর নগরে আজ মঙ্গলবার সকালে একটি হাসপাতালে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চারজন বন্দুকধারী আজ হাসপাতালটিতে অতর্কিত হামলা চালায়। তারা বেশ কিছু লোককে জিম্মিও করে। হাসপাতালটির একজন জ্যেষ্ঠ চিকিত্সকের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ কথা জানায়।জিন্নাহ হাসপাতালের প্রধান নির্বাহী জাভেদ ইকরাম বলেন, পুলিশের পোশাক পরা বন্দুকধারীরা হুড়মুড় করে হাসপাতালে ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে। তিনি এ ঘটনায় ১২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে অন্য একটি সূত্র এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয় বলে জানায়।নগরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সাজ্জাদ ভুট্টো জানান, পুলিশের পোশাক পরা চার বন্দুকধারী হাসপাতাল ভবনে ঢুকে গুলি করতে শুরু করে। এ সময় বন্দুকধারীরা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের দিকেও ছুটে যায়। তিনি আরও জানান, পুলিশ বন্দুকধারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পুলিশের গুলিতে একজন বন্দুকধারী আহত হয়। এ ছাড়া নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশের তিন সদস্য, একজন নারী ও একজন বেসরকারি নিরাপত্তা কর্মী রয়েছেন বলে ভুট্টো জানান।পাঞ্জাবের পুলিশ প্রধান তারিক সালেম ডগার জানান, গত শুক্রবারের ঘটনায় আহত হামলাকারীদের একজনকে উদ্ধার করতে অথবা হত্যা করতে বন্দুকধারীরা এ হামলা চালায়। আহত ওই ব্যক্তি জিন্নাহ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিত্সাধীন রয়েছেন। গত শুক্রবার দুটি মসজিদে বন্দুকধারীদের ওই হামলায় ৮০ জন নিহত ও বেশ কয়েক ডজন লোক আহত হন।