জন্ম: ২৬ ফেব্রুয়ারি, ১৯৮২জন্মস্থান: উহান, চীনউচ্চতা: ৫ ফুট সাড়ে সাত ইঞ্চিপেশাদার টেনিসে আগমন: ১৯৯৯ডব্লুটিএ শিরোপা: ৫টিপ্রিয় ও অন্যান্যঅন্য খেলা: সাঁতারব্যক্তিত্ব: মাতারকা: আন্দ্রে আগাসিরং: কালোচলচ্চিত্র: কোরীয় চলচ্চিত্র শখ: বই পড়া ও শপিংটুর্নামেন্ট: মিয়ামিদেশে আপনার জনপ্রিয়তা কেমন?প্রশ্নটায় একটু বিব্রত হয়েছিলেন লি না। প্রশ্নকর্তাকে সেটা বুঝতে না দিয়ে স্বভাবসুলভ হাসিতে লুকোবার চেষ্টা করেছিলেন নিজেকে। ট্র্যাকের লিউ শিয়াং কিংবা বাস্কেটবলের ইয়াও মিংয়ের মতো চীনে জনপ্রিয়তা নেই তাঁর। প্রথম এশীয় প্রতিযোগী হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনাল খেলার পর লি না অকপটেই স্বীকার করে নিয়েছিলেন, ‘যারা টেনিস দেখে, তারাই চেনে আমাকে।’ কিন্তু চীনে এখন টেনিস না-দেখা লোকেরাও চেনে তাঁকে। ফ্রেঞ্চ ওপেন জয়ের দিনই চীনের শীর্ষস্থানীয় এক মাইক্রো-ব্লগ ওয়েবসাইটে ২০ লাখ লোক তাঁর সমর্থক হিসেবে নাম লিখিয়েছে। আর লাখ পঞ্চাশেক মন্তব্য করেছেন তাঁকে নিয়ে! আক্ষরিক অর্থেই লি না এখন বড় তারকা। অথচ ভাবা যায়, তিনি খ্যাতির চূড়ায় উঠলেন ত্রিশ ছুঁই ছুঁই বয়সে। যে বয়সে অবসরপরবর্তী জীবনের ছক কষেন তারকারা। এই ব্যতিক্রমী সাফল্যের গল্প লেখায় বড় ভূমিকা ‘কখনোই হাল ছেড়ো না’ মানসিকতার। পারিবারিক সূত্রেই যা পেয়েছেন লি না। ১৪ বছরে বাবাকে হারিয়েছেন। এরপর জীবনযুদ্ধে দেখেছেন মায়ের সংগ্রাম। দেখেছেন এবং শিখেছেন, ‘বাবার মৃত্যুর পর মাকেই সব কিছু দেখাশোনা করতে হয়েছে। এটা তাঁর জন্য খুব কঠিন ছিল। কোনো কিছু পেতে যে কঠোর পরিশ্রম করতে হয়, এটি আমি তাঁর কাছ থেকেই শিখেছি।’ টেনিস তারকা হয়ে ওঠার পেছনে বড় অবদান বাবার। বাবা লি শেংপেং ছিলেন শৌখিন ব্যাডমিন্টন খেলোয়াড়। সেই সূত্রেই পাঁচ বছর বয়সী লি নার হাতে ওঠে র্যাকেট। আট বছর পর্যন্ত ব্যাডমিন্টনের ওই র্যাকেটই সঙ্গী ছিল তাঁর বিনোদনের। কিন্তু কোচেরা ব্যাডমিন্টন নয়, লি নার ভবিষ্যৎ দেখলেন টেনিসে। মেয়েকে টেনিসে দেওয়ার পরামর্শ দিলেন বাবা-মাকে। এরপর লি নার হাতে ওঠে টেনিস র্যাকেট এবং সেটা বাবার উৎসাহেই। পারিবারিক অবস্থা সচ্ছল না হলেও অভিভাবকেরা ভবিষ্যতের দিকে তাকিয়ে মেয়েকে স্কুলের হোস্টেলে রেখেছিলেন। সেখানে সকালে পড়াশোনা, আর বিকেলে চলত টেনিসের অনুশীলন। তবে সেখানে ভালো সুযোগ-সুবিধা ছিল না অনুশীলনের। আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যেত অনুশীলন। তার পরও গাঢ় অন্ধকার না হওয়া পর্যন্ত লি ফিরতেন না রুমে। ১২ বছর বয়সে জিয়াং শানের সঙ্গে সাক্ষাৎ। এই লোকটি পরে জড়িয়ে যান তাঁর জীবনের সঙ্গে। ২০০৬ সালে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া জিয়াং শানই এখনো তাঁর কোচ। তবে কোচ শুধু অনুশীলনের সময়ই। বাসায় ফিরলে—তাঁরা স্বামী-স্ত্রী। লি না যেটির ব্যাখ্যায় বলেন, ‘জীবনটা জীবনই। আর টেনিস হলো একটা কাজ। ম্যাচের আগে কিংবা যদি অনুশীলনে থাকি তখনই শুধু টেনিস নিয়ে কথা বলি আমরা। চব্বিশ ঘণ্টা নয়।’বিদেশ বিভূঁইয়ে বলাবলির ব্যাপারটা সহজেই সারতে পারেন লি না। হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি নেওয়া লি চীনা ভাষা ছাড়াও বলতে পারেন ইংরেজিতেও। ‘লি’ তাঁর পদবি, আর ডাক নাম ‘না’। নামটা একটু ব্যতিক্রমই। তাঁকে কী নামে ডাকা উচিত, এ নিয়ে ধন্ধেও পড়ে যান অনেকে। এটি শুধু দেশের বাইরেই নয়, চীনেও তিনি মানুষের কাছে ‘লিনা’ ও ‘নালি’ দুটি নামেই ডাক শুনে অভ্যস্ত। পেশাদার টেনিসে নাম লেখানোর পর থেকেই একটা লক্ষ্যের কথা বলে এসেছেন লি না—গ্র্যান্ড স্লাম জেতা। ফ্রেঞ্চ ওপেন জয়ে সেটা পূরণও হয়ে গেছে। তবে এই সাফল্য যে আরও বড় দায়িত্ব কাঁধে চাপিয়ে দিয়েছে তাঁর। দুদিন আগেও যাঁদের কাছে তিনি ছিলেন অখ্যাত, তাঁরাও এখন তাঁকে নিয়ে নতুন স্বপ্ন দেখেন। ওই সমর্থকদের জন্যই এবার জিততে চান উইম্বলডনও। পারবেন লি না? শাহরিয়ার ফিরোজ