লিউ সিয়াবোর মুক্তির ব্যাপারে নিশ্চুপ থাকায় সমালোচনার মুখে জাতিসংঘ মহাসচিব
নোবেল শান্তি পুরস্কারজয়ী কারাবন্দী চীনা ভিন্নমতাবলম্বী লিউ সিয়াবোর মুক্তির ব্যাপারে নীরবতা পালন করায় জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গতকাল বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট হু জিনাতাওয়ের সঙ্গে আলাপকালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন কারাবন্দী লিউ সিয়াবোর মুক্তির ব্যাপারে কোনো আলোচনা না করার প্রতিক্রিয়ায় হিউম্যান রাইটস ওয়াচ এ বিবৃতি দিয়েছে।নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ চীনের কারাবন্দী শান্তিতে নোবেলজয়ী ভিন্নমতাবলম্বী নেতা লিউ সিয়াবোর মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করার জন্যও জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলছে, এ ব্যাপারে বান কি মুনের নীরবতা দুঃখজনক এবং তা চীনকে এই বার্তাই দিচ্ছে, তারা যা করছে তা সঠিক। এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র নিশ্চিত করেছেন, গতকাল সোমবার বেইজিংয়ে বান কি মুনের সঙ্গে চীনা প্রেসিডেন্টের যে আলোচনা হয়েছে সেখানে এ বিষয়টি আলোচিত হয়নি।বান কি মুনের মুখপাত্র বলেছেন, সেখানে আলোচনার জন্য অনেক বিষয় থাকায় মানবাধিকারের বিষয়টি আসেনি। ওই আলোচনায় বান কি মুন চীনা প্রেসিডেন্টকে বিশেষ করে সুদান ও সোমালিয়ার সমস্যা সমাধানে বড় ধরনের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বলে জানানো হয়েছে। গত মাসে লিউ সিয়াবো যখন শান্তিতে নোবেল পুরস্কার পান তখনো জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো তখন বান কি মুনের সমালোচনা করে। সে সময় বান কি মুন পরোক্ষভাবে এ পুরস্কার প্রাপ্তির জন্য সিয়াবোকে অভিনন্দন জানান। তবে তিনি সিয়াবোর মুক্তির বিষয়ে কোনো উক্তি দেওয়া থেকে বিরত থাকেন। মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার পরিপ্রেক্ষিতে তখন বান কি মুন আত্মসমর্থন করে বলেন, তিনি শান্তিপূর্ণ কূটনীতি পছন্দ করেন। তবে বিশ্লেষকেরা বলছেন, দ্বিতীয় দফায় জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হতে হলে চীনের সমর্থন দরকার হবে, এ কারণেই মুন বেইজিংয়ের ব্যাপারে নমনীয় নীতি গ্রহণ করেছেন।—বিবিসি।