লিও সিয়াওবোকে মুক্তি দিতে হবে: নোবেল শান্তি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভিন্নমতাবলম্বী কারাবন্দী ও ২০১১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লিও সিয়াওবোর দ্রুত মুক্তি দাবি জানিয়েছে নোবেল শান্তি কমিটি। আজ শুক্রবার কমিটির চেয়ারম্যান থর্বজর্ন জ্যাগল্যান্ড ওসলোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। ওসলোর ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে লিও সিয়াওবোর অনুপস্থিতিতেই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে লিও সিয়াওবোর জন্য বরাদ্দকৃত চেয়ারটি খালি রাখা হয়।জ্যাগল্যান্ড তাঁর বক্তব্যে বলেন, ‘লিও সিয়াওবোকে অবশ্যই মুক্তি দিতে হবে। কারণ তিনি কোনো ভুল করেননি। আমরা এটুকুই বলতে পারি, লিও সিয়াওবোর এ পরিস্থিতি আমাদের নেলসন ম্যান্ডেলার কথা স্মরণ করিয়ে দেয়।’ জ্যাগল্যান্ড জানান, লিও সিয়াওবো তাঁর শান্তি পুরস্কারটি ১৯৮৯ সালের ৪ জুন তিয়েনমেন স্কয়ারে গণতন্ত্রের সপক্ষে আন্দোলনে নিহত জনগণের প্রতি উত্সর্গ করেছেন।লিও সিয়াওবোর এ শান্তি পুরস্কারকে কেন্দ্র করে চীনের চলমান আক্রোশকে দক্ষিণ আফ্রিকার ধর্মযাজক ডেসমন্ড টুটু এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চির নোবেল শান্তি পুরস্কারের বিরুদ্ধে তত্কালীন প্রতিবাদের সঙ্গে তুলনা করেন জ্যাগল্যান্ড। তবে কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে চীনের অসাধারণ অর্জনের ভূয়সী প্রশংসা করে জ্যাগল্যান্ড বলেন, বিশ্বের নতুন শক্তিশালী দেশ হিসেবে চীনের অবস্থানের জন্য অবশ্যই উচিত সমালোচনাকে ইতিবাচকভাবে দেখা।এদিকে জাতিসংঘ বলছে, অনুষ্ঠানকে সামনে রেখে চীন ২০ জন কর্মীকে আটক এবং শতাধিক মামলা দায়ের করেছে। অনুষ্ঠানে যোগদান ঠেকাতে চীন সরকার গৃহবন্দী, ভ্রমণে বাধা, ভীতি প্রদর্শনসহ বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তা ছাড়া আজ শুক্রবার চীনে বিবিসির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রসঙ্গত, লিও সিয়াওবো ১৯৮৯ সালে চীনে সরকারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৯ সালে চীন সরকার নাশকতা সৃষ্টির অভিযোগে তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেন। চলতি বছরের অক্টোবরে নোবেল শান্তি কমিটি ২০১১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে লিও সিয়াওবোর নাম ঘোষণা করলে চীন সরকার তাঁর প্রতিবাদ জানিয়ে আসছিল। তবে কমিটি সিদ্ধান্তে অটল থাকে। এরই পরিপ্রেক্ষিতে চীন সরকারের চাপে বিশ্বের ১৯টি দেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেয়নি। —বিবিসি