লিওঁকে উড়িয়ে ফাইনালে বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভিচা অলিচের হ্যাটট্রিকে গতকাল লিওঁকে ৩-০তে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। আজ বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার জয়ী দল আগামী ২২ মে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠেয় ফাইনালে বায়ার্নের বিপক্ষে খেলবে।সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের কাছে ০-১এ হারা লিওঁ গতকাল দ্বিতীয় লেগেছিল কঠিন প্রত্যয়ে। দলটির কোচ ক্লড পুয়েল আগেভাগে হুমকি দিয়ে রেখেছিলেন। তবে হুমকির ছিটেফোঁটাও মাঠে প্রমাণ করতে পারেনি লিওঁর ফুটবলাররা। উল্টো পুরো সময় খেলা বায়ার্নেরই নিয়ন্ত্রণে ছিল। লিঁওর সব স্বপ্ন ধুলায় মিশিয়ে দিয়ে বায়ার্নের জয়ে সবচেয়ে বড় ভূমিকা ইভিচা অলিচের। তিনি খেলার ২৬ মিনিটের সময় প্রথম গোল করে বায়ার্নের গোল উত্সবের সূচনা করেন। এরপর ৬৭ ও ৭৭ মিনিটে পরপর দুটি গোল করে লিওঁকে একেবারে গুঁড়িয়ে দেন অলিচ।চ্যাম্পিয়নস লিগে এই নিয়ে অষ্টমবারের মতো ফাইনালে খেলতে চলেছে বায়ার্ন। শিরোপাও একেবারে নতুন কোনো অভিজ্ঞতা নয় বায়ার্নের। এবারে শিরোপা জিতলে পঞ্চমবারের মতো ইউরোপ সেরা ক্লাবের মর্যাদা পাবে জার্মানির সেরা এই ক্লাবটি। ফাইনালে বার্সেলোনা কিংবা ইন্টার মিলান, প্রতিপক্ষ যে-ই হোক না কেন সাফল্য খুব দূরের মনে হচ্ছে না বায়ার্নের।এদিকে বায়ার্ন মিউনিখের কোচ লুইস ভ্যানগাল ফাইনালে প্রতিপক্ষ হিসেবে মারিনহোর ইন্টার মিলানকে চান। তবে কি লুইস বার্সেলোনাকে ভয় পেয়েই ফাইনালের প্রতিপক্ষ হিসেবে তাদের চাচ্ছেন না? এমন এক প্রশ্নে লুইস কেবল জানিয়েছেন, বার্সার প্রতি তাঁর এক অন্য রকম দুর্বলতা রয়েছে। কারণ, এর আগে ক্যাটালানদের অভিভাবকত্বের দায়িত্ব যে লুইস দুবার পালন করেছেন। তিনি নিজ দলের সম্ভাবনা সম্পর্কে বলেছেন, ‘বায়ার্ন বিশ্বের যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।’