লিখিত বক্তব্য দিতে সময় চেয়েছেন মইন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে সংঘটিত ঘটনা সম্পর্কে সংসদীয় কমিটিতে লিখিত বক্তব্য দিতে সময় চেয়েছেন সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো এক মেইল বার্তায় মূলত শারীরিক অসুস্থতার জন্য তিনি সময় চেয়েছেন। তবে কতদিন প্রয়োজন, তা অবশ্য তিনি বলেননি। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।একই সঙ্গে ওই ঘটনা সম্পর্কে টেলিকনফারেন্সে তাঁর দেওয়া বক্তব্য সঠিকভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়নি বলে মইন উ আহমেদ মত প্রকাশ করেছেন। তিনি বলেন, ওই ঘটনার দায় তত্ত্বাবধায়ক সরকারের ওপর দিয়েছি—এ ধরনের তথ্য সঠিক নয়।ই-মেইল বার্তা পাওয়ার কথা স্বীকার করে কমিটির সভাপতি রাশেদ খান মেনন আজ শনিবার প্রথম আলোকে বলেন, অসুস্থতার কথা বলে তিনি সময় চেয়েছেন। তবে কতদিন সময় দিতে হবে, তা পরিষ্কার করে তিনি বলেননি।ই-মেইল বার্তায় মইন উ আহমদ বলেছেন, ‘সংঘর্ষের ওই ঘটনায় আমি তত্কালীন সরকারকে দায়ী করেছি, গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। এটা ঠিক নয়।’উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে মইন উ আহমেদের সাক্ষ্য নেওয়া হয়।ওই টেলিকনফারেন্সের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রাশেদ খান জেনারেল মইনের বক্তব্য গণমাধ্যমকে জানান।মইন উ আহমেদের চিঠি সম্পর্কে কমিটির সদস্য শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘সংসদীয় কমিটিতে উনি (মইন) যা বলেছেন, সেটাই গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে।’গত ২৩ সেপ্টেম্বর মইনের কাছে লিখিত বক্তব্য চেয়ে ই-মেইল বার্তা পাঠায় সংসদীয় কমিটি। মইনের বক্তব্য রেকর্ড করতে না পারায় এই বক্তব্য চাওয়া হয়।