লিঙ্গসমতা নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান
নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদেরা। আজ মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ইউএন উইমেন ও জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ।হাসানুল হক ইনু বলেন, সংবিধানে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানা হয় না। আর যে দেশে সংবিধান যথাযথভাবে মানা হয় না, সে দেশের গণতন্ত্র খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে ইনু আরও বলেন, কুসংস্কার, পশ্চাত্পদতা, দৃষ্টিভঙ্গির দুর্বলতা ও ধর্মীয় গোঁড়ামির কারণে দেশে নারীরা সম-অধিকার পাচ্ছেন না। এ বিষয়ে সরকারের পাশাপাশি গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সাংসদ তারানা হালিম বলেন, আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, নারীদের অধিকারের বিষয়গুলো যাতে অক্ষুণ্ন থাকে সে বিষয়ে সবার লক্ষ রাখতে হবে। তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করা আইনটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান।