লিচুতে রঙিন গ্রীষ্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিঁদুরের মতো রাঙা লিচু/ঝ’রে পড়ে পাতা ঘাসে—চেয়ে দেখি কিশোরী করেছে মাথা নিচু/ এসেছে সে দুপুরের অবসরে জামরুল লিচু আহরণে’...।লিচু আমাদের দেশের নিজস্ব ফল নয়, তা জীবনানন্দ দাশও জানতেন। কিন্তু লিচুর রং-রূপ-রস নিয়ে স্তব করতে কুণ্ঠিত হননি নিসর্গের কবি। চীন দেশের এই ফলগাছটি বহুকাল থেকেই আমাদের দেশে আপন হয়ে উঠেছে। এখন লিচু ছাড়া বাংলার গ্রীষ্মের ফলের সম্ভার পূর্ণতাও পায় না। শুধু গাছ নয়, ফলের দোকানগুলোও এখন লিচুর রঙে রাঙানো। সুস্বাদু এই ফলটি বাজারে এসেছে প্রায় মাস পেরোচ্ছে। আর বড়জোর সপ্তাহ দুয়েক এর দেখা মিলবে। বৈশাখের শেষার্ধে বাজারে তার দর্শন মেলে, জ্যৈষ্ঠের শেষ নাগাদ ফুরিয়ে যায়। এখন ফলের দোকান ছাড়া পাড়া-মহল্লার গলির মোড়ে, অফিসপাড়া বা বাণিজ্যিক এলাকার ফুটপাতে ভ্রাম্যমাণ বিক্রেতাদের বাঁশের ঝুড়ি আলো করছে লিচু। ঢাকায় এখন প্রতি শ লিচু বিকোচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়।তো, শুধু কাব্যেই লিচুর স্তব নয়, ১০৫৬ সালে পৃথিবীতে ফল চাষ নিয়ে প্রথম গ্রন্থটিও লেখা হয়েছিল লিচু চাষের পদ্ধতি নিয়ে। লিচুর ঠিকুজি-কুলজি নিয়ে চমকপ্রদ এমন অনেক তথ্য রয়েছে মৃত্যুঞ্জয় রায়ের বাংলার বিচিত্র ফল গ্রন্থে। চীনের দক্ষিণাঞ্চলের কাওয়াং তুং এবং ফুকিং প্রদেশ লিচুর আদি নিবাস। বৈজ্ঞানিক নাম Litchi Chinensis. ফলগাছটি প্রাকৃতিকভাবে জাত নয়, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত। ‘আঁশফল’ বা ‘কাঠলিচু’ বলে যে ফলটি পরিচিত, তা থেকেই লিচুর উদ্ভব। জনশ্রুতি আছে, লাই চি নামের এক উদ্ভিদবিজ্ঞানী আঁশফল নিয়ে গবেষণা করতে গিয়ে নতুন ধরনের দুটি ফল উদ্ভাবন করেন। এর একটি হালো ‘রাম্বুটান’ এবং অন্যটিকে তাঁর নামানুসারে নাম রাখা হয় ‘লিচু’। বাংলাপিডিয়া জানাচ্ছে, ভারতবর্ষে লিচুর শুভাগমন ঘটেছিল সপ্তদশ শতকে। সে যাই হোক, প্রায় দুই হাজার বছরের বেশিকাল ধরে লিচু তার জনপ্রিয়তা অটুট রেখে অধুনা বিশ্বজনীন হয়ে উঠেছে। আজকাল মিয়ানমার, মরিশাস, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, ফ্লোরিডা, হাওয়াই, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে লিচুর চাষ হচ্ছে।লিচু খুবই পুষ্টিকর ফল। ভিটামিন সি আছে প্রচুর, প্রতি ১০০ গ্রামে ৩১ মিলিগ্রাম। এ ছাড়া আছে ভিটামিন বি-১ ও বি-২, লৌহ এবং বিভিন্ন খনিজ পদার্থ। গাছের পাতা, শেকড় ও মূলে আছে ভেষজ গুণ। বোলতা বা বিছার কামড়ে এর পাতার রসে ব্যথা নিরাময়। মাঢ়ি ও গলার ব্যথা বা সংক্রমণে শেকড়সেদ্ধ পানির কুলকুচি উপকারী। বীজচূর্ণ চর্মরোগ ও শিশুদের বসন্তের চিকিৎসায় ফলদায়ক। আমাদের দেশে সব জেলাতেই কম-বেশি লিচুগাছ দেখা যায়। তবে বাণিজ্যিকভাবে প্রধানত, দিনাজপুর, রংপুর, রাজশাহী, ঈশ্বরদী, যশোর, কুষ্টিয়া, পাবনা ও ময়মনসিংহে চাষ হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেল, দেশে এখন প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে লিচুর চাষ হচ্ছে। বার্ষিক উৎপাদন গড়পড়তা ১৩ হাজার মেট্রিক টন। হেক্টরপ্রতি ফলন আড়াই থেকে পৌনে তিন টন প্রায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট লিচুর তিনটি জাত উদ্ভাবন করেছে। এর নাম বারি লিচু-১, ২ ও ৩। আমাদের দেশে যেসব জাতের লিচুর চাষ হয় তার মধ্যে আছে মাদ্রাজি, বোম্বাই, মোজাফফরপুরী, পূরবী, মঙ্গলবাড়ি ও গুলাবি লিচু। মৌসুমের শুরুর দিকে আসে এসব লিচু। শেষভাগে আসে বেদানা, চায়না-তিন ও এলাচি লিচু। তুলনামূলকভাবে শেষোক্তদের বাজারদর একটু চড়া। জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকে এসব লিচু বাজারে উঠতে থাকে। কারওয়ান বাজারের লিচুর খুচরা বিক্রেতা শেখ আলাউদ্দীন জানালেন, গতবারের তুলনায় এবার লিচুর দাম বাড়েনি। বাবুবাজার ফলের আড়ত কিনে রোজ দুই থেকে তিন ঝুড়ি পর্যন্ত বিক্রি করেন তিনি। চীনা লিচু আমাদের দেশের প্রধান মৌসুমি ফলের তালিকায় জায়গা পাকাপাকি করে নিয়েছে তার রূপে-গুণেই। তবে এই দুর্মূল্যের বাজারে রাঙা লিচুর স্বাদে রসনা তৃপ্ত করার সাধ পূরণ হবে না হয়তো অনেকেরই।