লিচুতে রঙিন দিনাজপুর
দিনাজপুরের লিচু বৈশিষ্ট্যের কারণে অন্য এলাকার লিচুর চেয়ে ভিন্ন। এ লিচু মুখে দিলেই মিষ্টি রসে মন-প্রাণ ভরে যায়। লিচুতে এখন মেতে উঠেছে পুরো জেলা। গাছ থেকে পাকা লিচু পাড়ার ধুম। নারী-শিশুসহ সব বয়সী মানুষ লিচু রক্ষণাবেক্ষণ ও বেচাকেনায় ব্যস্ত। একটুও অবসর নেই তাদের। গত ১৫ মে থেকে শুরু হয়েছে দিনাজপুরে লিচুর মৌসুম। চলবে জুনের ১৫ তারিখ পর্যন্ত।বাসের ছাদ, ট্রাক বা পিকআপ, কুরিয়ার সার্ভিসসহ নানাভাবে দিনাজপুর থেকে লিচু চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। দিনাজপুরের লিচুসমৃদ্ধ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। গত বুধবার শহরের কোতোয়ালি থানার মোড়ে লিচুর প্রধান পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, মাদ্রাজি, বেদানা ও বোম্বাই জাতের হাজার হাজার লিচুর সমারোহ। শত শত ক্রেতা লিচু কিনছে। বিভিন্ন গ্রামের লিচুবাগান ঘুরে দেখা গেছে, গাছে রসাল টসটসে বেদানা লিচু ধরে আছে। সেই সঙ্গে দেখা যায় মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচুও। অপেক্ষাকৃত ভালো লিচু সরকারি-বেসরকারি, ব্যাংক-বিমার কর্মকর্তা ও পাইকারি ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া গাছ থেকে পাড়তে গিয়ে ঝরে পড়া বা নিম্নমানের লিচু গ্রামের কিশোর-কিশোরী ও গৃহবধূরা থালা, ডিশ বা ডালিতে করে রাস্তার পাশে বিক্রি করছেন। এ সময় রাস্তার দুই পাশে অনেককে লিচু পরিবহনের জন্য বাঁশের তৈরি নানা ধরনের খাঁচা বিক্রি করতে দেখা যায়। মাশিমপুরের লিচুবাগান মালিক আবু বক্কর সিদ্দিক জানালেন, দিনে কাক ও কিশোরদের অত্যাচার এবং রাতে বাদুড়ের উপদ্রব থেকে লিচু রক্ষা করতে দিন-রাত তাঁদের বাগান পাহারা দিতে হচ্ছে। বৃষ্টিপাত না হওয়ায় এ বছর লিচুতে পোকার আক্রমণ কম হলেও লিচুর দানা ও আকার ছোট হয়েছে। লিচুর পাইকারি বিক্রেতা আবদুর রহমান জানান, এ বছর লিচুর সরবরাহ বেশি। সাধারণত মাদ্রাজি জাতের লিচু আগে বাজারে আসে। কিন্তু এবার বেদানা জাতের লিচু আগে এসেছে। প্রতি ১০০ মাদ্রাজি লিচু ২০০ এবং বেদানা লিচু ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মান ও দানাভেদে দাম কমবেশি আছে। বোম্বাই লিচু বাজারে আসতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।বেদানা, মাদ্রাজি আর বোম্বাই—এ তিন জাতের লিচুর আলাদা বৈশিষ্ট্যের কথা জানালেন আবদুর রহমান। এ তিন জাতের মধ্যে সবচেয়ে সেরা বেদানা লিচু। এ লিচু গোলাকার, খুব রসাল আর ভেতরে দানাটা ছোট। পরিপক্ব হলে এর শরীর মসৃণ হয়ে যায়। উপঢৌকন দেওয়ার জন্য বেদানা লিচু সেরা পছন্দ। অপরদিকে মাদ্রাজি লিচু বেশি সুগন্ধি। কিছুটা লম্বাটে। পাকলেও শরীর কাঁটাযুক্ত থাকে। আর বোম্বাই লিচু বেশ রসাল। দানা ছোট। পরিপক্ব হলে শরীর মসৃণ হয়ে যায়। লক্ষণীয় দিক হলো, মাদ্রাজি ও বেদানা লিচু যখন শেষ হয়, তখনই বাজারে আসে বোম্বাই লিচু।দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের স্থানীয় কর্মকর্তা মো. তারেক জানান, দিনাজপুর থেকে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ২৫টি কোম্পানির শতাধিক বাস চলাচল করে। দিনে-রাতে বাসের ছাদে করে লিচু দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। দিনাজপুরে প্রায় এক হাজার ৫০০ হেক্টর জমিতে লিচুবাগান রয়েছে। এ তথ্য জানিয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আলম জানান, এর মধ্যে শুধু বিরল উপজেলার প্রায় ৬০০ হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে। তবে হিসাবের বাইরে সদর, বিরল, খানসামা, চিরিরবন্দর, বীরগঞ্জ, বোচাগঞ্জ উপজেলায় হাজার হাজার বাড়ির উঠানে লিচুগাছ আছে।