লিজ চরিত্রে লিন্ডসে!
এলিজাবেথ টেইলর-রিচার্ড বার্টনের প্রেমকে উপজীব্য করে ‘লিজ অ্যান্ড ডিক’ নামে একটি টেলিছবি তৈরির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের লাইফটাইম নেটওয়ার্ক। সবকিছু ঠিক থাকলে এতে নাম ভূমিকায় অভিনয় করবেন লিন্ডসে লোহান। অবশ্য অভিনয়ের পূর্বশর্ত হচ্ছে তাঁকে মাদকাসক্তি, মামলাসহ সব ঝামেলা থেকে বেরিয়ে আসতে হবে।চলতি বছরের শুরু থেকেই কাজ নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন লিন্ডসে। মেরিলিন মনরোর বেশে প্লে-বয় ও লাভ ম্যাগাজিনের মডেল হওয়ার পর যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এর সঞ্চালক হিসেবেও দায়িত্ব পেয়েছেন ২৫ বছর বয়সী এই ‘মিন গার্লস’ তারকা। আর এবারে প্রায় সব তারকারই স্বপ্নের চরিত্র এলিজাবেথ টেইলরের ভূমিকায় অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি। এক খবরে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘লিজ অ্যান্ড ডিক’-এর নির্বাহী প্রযোজক ল্যারি থম্পসন লিজ টেইলরের এই চরিত্রটির জন্য বেশ কয়েকজন হলিউডের অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁদের মধ্যে মেগান ফক্স ও লিন্ডসেও ছিলেন। তবে শেষ পর্যন্ত লিন্ডসেকেই এই সুযোগ দিতে চলেছেন ল্যারি।