নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যা মামলায় ইউসুফ হোসেন ওরফে লিটনকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। লিটন স্থানীয় সাবেক সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গতকাল সোমবার দুপুরে লিটনকে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম যাবিদ হোসেনের আদালতে হাজির করে ১২ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির এএসপি রবিউল ইসলাম জানান, ত্বকী হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই লিটনকে রিমান্ডে নেওয়া হয়েছে।ত্বকী হত্যার ঘটনায় গত এপ্রিলে গ্রেপ্তার হন লিটন। সে সময় তাঁকে রিমান্ডে নিয়ে কয়েক দিন জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তখন তিনি আদালতে জবানবন্দি দেননি। গত ১৫ জুলাই উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গত ২৯ জুলাই মাদকসহ আবারও গ্রেপ্তার হন লিটন। পরদিন ৩০ জুলাই তিনি আদালতে ১৬৪ ধারায় ত্বকী হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।গত ৬ মার্চ নিখোঁজের দুই দিন পর ৮ মার্চ নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ এ হত্যা মামলায় সাবেক সাংসদ আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী রিফাত বিন ওসমান, সালেহ রহমান সীমান্ত ও লিটনকে গ্রেপ্তার করে। ত্বকী হত্যার ঘটনায় শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের বহিষ্কৃত প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজসহ ছয়জনকে অভিযুক্ত করে রফিউর রাব্বি জেলা পুলিশ সুপারকে অবগতি পত্র প্রদান করেন।