লিটনের দুঃস্বপ্নের লিবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডের বারান্দায় নির্জীব হয়ে শুয়ে ছিলেন মো. লিটন। উসকোখুসকো ধুলোমাখা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে মলিন কাপড় আর কোটরে ঢুকে যাওয়া নির্ঘুম চোখই বলে দেয়—কী দুর্বিষহ অবস্থার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। জীবন বাঁচিয়ে দেশে ফেরার প্রশান্তি আছে। তবে তাঁকে ছাপিয়ে অনিশ্চিত জীবিকার চিন্তার ছায়া পড়েছে লিবিয়াফেরত লিটনের চোখে-মুখে।উত্তাল লিবিয়ায় এক মাস অমানুষিকভাবে বেঁচে থেকে গতকাল ভোরে দেশে ফেরেন লিটন। ঢাকায় পৌঁছেই যেন চলার সব শক্তি হারিয়ে ফেলেন তিনি। রেড ক্রিসেন্টের কর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করান। গতকাল সারা দিনে বিমানসহ বিভিন্ন এয়ারওয়েজের ১০টি ফ্লাইটে প্রায় দুই হাজার ৭০০ জন লিবিয়া থেকে ঢাকায় ফেরেন।গতকাল সকালে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, বারান্দায় চোখ বন্ধ করে শুয়ে আছেন লিটন। কাছে গিয়ে আস্তে করে ডাকতেই চমকে ওঠেন। তাকান সন্ত্রস্ত চোখে। ‘ভাই, আপনি বাংলাদেশেই আছেন, ঢাকা মেডিকেলে’ বলতেই যেন কিছুটা স্বস্তি ফিরে পেলেন তিনি। ততক্ষণে চোখ ছলছল, কণ্ঠ বাষ্পরুদ্ধ।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নারায়ণপুরের আবদুল মালেকের ছেলে লিটন। স্ত্রী পারভীন বেগম ও তিন সন্তানকে ছেড়ে দেড় বছর আগে বনানীর একটি কোম্পানির মাধ্যমে তিনি লিবিয়ার বেনগাজির আলিসখান নামের এক নির্মাণপ্রতিষ্ঠানে চাকরি নেন। সেখানে এক হাজার ২০০ বাঙালি কাজ করতেন। তাঁকে বাংলাদেশি টাকায় মাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছিল মাত্র ১০ হাজার টাকা। তার মধ্যে শেষ পাঁচ মাস কোনো বেতনই দেওয়া হয়নি তাঁদের। লিটন জানান, গণবিদ্রোহের দ্বিতীয় দিনেই বিদ্রোহীরা তাঁদের কোম্পানিতে হামলা চালায়। শ্রমিকদের খাদ্যগুদাম লুট হয়, দেওয়া হয় আগুনও। শ্রমিকেরা সেখান থেকে সরে পড়তে চান, কিন্তু মালিক এক সপ্তাহ তাঁদের আটকে রাখেন। আধপেটা-অভুক্ত অবস্থায় সেখানে সাত-আট দিন কাটে। লিটন বলতে থাকেন, সাত-আট দিন বন্দী থাকার পর তাঁরা জোর করে সেখান থেকে বের হন। তারপর প্রধান সড়ক ধরে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে চলে আসেন সাগরপারের আশ্রয়কেন্দ্রে। আশ্রয়কেন্দ্রে দুই দিন থেকে টানা তিন দিনে প্রায় ১৫ কিলোমিটার মরুপথ পায়ে মাড়িয়ে কোনো এক জায়গায় পৌঁছালে জাতিসংঘের বাস তাঁদের নিয়ে যায় মিসরে। মিসর থেকে অন্যদের সঙ্গে তিনি আসেন নিজ দেশে, প্রিয় বাংলাদেশে। লিটন বলেন, মরুভূমি পাড়ি দেওয়ার সময় অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে। রাতে প্রচণ্ড ঠান্ডা, ঝড়-বৃষ্টি। দিনে সূর্য যেন চামড়া পুড়িয়ে দেয়। সঙ্গে পানি নেই, খাবার নেই। মরুভূমির লতাগুল্ম চিবিয়ে খেয়েছেন।মিসরের বাংলাদেশ দূতাবাস প্রসঙ্গে কথা বলতেই ক্ষোভে ফেটে পড়েন লিটন। বলেন, ‘অন্য দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে সে দেশের সরকার। সাহায্য তো দূরের কথা আমরা আমাদের দেশের কর্মকর্তাদের দেখাই পেলাম না।’ সরকার যেন ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়—দাবি লিটনের।স্ত্রী পারভিন বেগম খবর পেয়ে ছুটে আসেন বিমানবন্দরে। সেখানে খবর পান স্বামী হাসপাতালে। ছুটতে ছুটতে তিনি যখন স্বামীর কাছে এসে পৌঁছান, তখন সন্ধ্যা। চিকিৎসকেরা জানান, লিটনের হাত-পায়ের গিঁটগুলো ফুলে গেছে। শরীরও খুব দুর্বল। তবে তিনি আশঙ্কামুক্ত।