লিটারপ্রতি ৫ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
সব ধরনের জ্বালানি তেলে দাম আবারও বাড়ানো হয়েছে। এবার প্রতি লিটারের দাম বাড়ানো হয়েছে পাঁচ টাকা করে। আজ বৃহস্পতিবার রাত ১২টা থেকে বর্ধিত এ মূল্য কার্যকর হবে। আজ সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রল ও ফার্নেস তেলের দাম যথাক্রমে ৫৬ টাকা, ৫৬ টাকা, ৮৯ টাকা, ৮৬ টাকা ও ৫৫ টাকা। পাঁচ টাকা বৃদ্ধি করায় প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রল ও ফার্নেস তেলের দাম হবে যথাক্রমে ৬১ টাকা, ৬১ টাকা, ৯৪ টাকা, ৯১ টাকা ও ৬০ টাকা।গত এক বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এ দাম বাড়ানো হয়েছে বলে সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।বিবরণীতে আরও বলা হয়, দেশে বর্তমানে ডিজেল, কেরোসিন ও ফার্নেস তেল বিক্রয়ে সরকারকে লিটারপ্রতি যথাক্রমে ২১ দশমিক ৩৪ টাকা, ১৯ দশমিক ৮৪ টাকা ও ৯ দশমিক ৯৫ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। ভর্তুকি কমাতেই তেলের দাম বাড়ানো হয়েছে।