লিদের গতি দেখল জিম্বাবুয়ে
১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার বঙ্গবন্ধু স্টেডিয়ামের জমকালো আতশবাজির সঙ্গে অনেকটাই মিল পাওয়া গেল। পরশু আহমেদাবাদের সরদার প্যাটেল গুজরাট স্টেডিয়াম দেখল অস্ট্রেলীয় পেসারদের গতির প্রদর্শনী। যে গতিতে পুড়ে ছারখার পুঁচকে জিম্বাবুয়ে। কোচ অ্যালান বুচারের সত্যোপলব্ধি, এই পেস সামলানো সহজ নয়! ক্রিকেট-সরোবরের পিরানহা অস্ট্রেলিয়াকে ২৬২ রানে আটকে মনের মধ্যে একটা স্বস্তির পরশ পেয়েছিল জিম্বাবুয়ে। একটা স্বপ্নও কি ক্ষণিকের জন্য ডানা ঝাপটায়নি? কিন্তু ফাস্ট বোলিংয়ের ত্রিমূর্তি ব্রেট লি, মিচেল জনসন ও শন টেইটের তোপে গলে ডানা ঝাপটাতে চাওয়া সেই স্বপ্ন। ব্রেন্ডন টেলর, চার্লস কভেন্ট্রি ও টাটেন্ডা টাইবু সামান্য প্রতিরোধের চেষ্টা করেও ধরাশয়ী ত্রিমূর্তির গতির কাছে। সাতটি উইকেট তাঁরা নিলেন ভাগাভাগি করে। শুরুটা করেন একসময়ের গতি-সম্রাট লি। তাঁকে পুল করতে গিয়ে গতিতে এলোমেলো হয়ে বোলারের হাতেই ধরা পড়েন কভেন্ট্রি। গতিতে বেসামাল জিম্বাবুয়ে এরপর আর মেরুদণ্ডই সোজা করতে পারেনি। ১৩ ওভার না পেরোতেই তারা ৪৪/৫। ১৯ রানে চার উইকেট নিয়েছেন জনসন। ৩৪ রানে দুই উইকেট নিয়েছেন টেইট। লি ৩৪ রানে পেয়েছেন একটি উইকেট। অস্ট্রেলীয় পেসারদের গতির ঝড় বাস্তবের জমিটা আরও বেশি করে চেনাচ্ছে জিম্বাবুয়ের ইংলিশ কোচ অ্যালান বুচারকে, ‘যেমনটা হওয়া উচিত ছিল তেমন করে ফাস্ট বোলারদের সত্যি আমরা খেলার সুযোগ পাইনি। এমন পেস তো জিম্বাবুয়েতে আমরা খুব বেশি পাই না। সুতরাং আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ে প্রতিযোগিতা করতে হলে এটির বিপক্ষে আমাদের অভ্যস্ত হতে হবে।’ ওয়েবসাইট।