লিন্ডসের বিরুদ্ধে আবারও অভিযোগ দায়ের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি আবারও সেই পুরোনো পথে হাঁটা! আলোচিত হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’ লিন্ডসে লোহান ওয়েস্ট হলিউডের নাইট ক্লাবে এক নারীর গায়ে হাত তুলেছেন—সম্প্রতি এমন অভিযোগ দায়ের করা হয়েছে ওয়েস্ট হলিউড পুলিশ স্টেশনে।গত মাসের ২৯ তারিখে নেকলেস চুরির মামলা বাদে আর সব সব মামলা ও সাজার ঝামেলা থেকে মুক্ত হয়েছিলেন লিন্ডসে। মুক্তি পাওয়ার দুই সপ্তাহ না পেরোতেই আবারও সেই সমস্যা হানা দিল ২৫ বছর বয়সী এই ‘মিন গার্লস’ তারকার জীবনে। ২৯ মার্চ মুক্তি পেয়ে বিচারক স্টেফানি সটনারের উপদেশ অমান্য করে সেই রাতেই পার্টিতে মেতে উঠেছিলেন লিন্ডসে। চলতি মাসে আবারও তিনি নাইট ক্লাবে হাজির হয়েছিলেন। শুধু হাজিরই হননি, সেখানে উপস্থিত এক নারীকে জোরে ধাক্কাও মেরেছেন। লিন্ডসের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ওয়েস্ট হলিউড পুলিশ স্টেশনে গিয়ে ৭ এপ্রিল শনিবার লিন্ডসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই নারী। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের সার্জেন্ট ক্রিস বোম্যান। তাঁর উদ্ধৃতি দিয়ে ব্যাং শোবিজ জানিয়েছে, ‘হ্যাঁ, লিন্ডসের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত কর্মকর্তারা অভিযোগটি লিপিবদ্ধ করেছেন। শিগগিরই একজন তদন্ত কর্মকর্তা এ অভিযোগের সত্য-মিথ্যা নির্ণয়ের জন্য মাঠে নামবেন।’লিন্ডসে হয়তো ভুলেই গেছেন, গত বছরের নেকলেস চুরির মামলা থেকে কিন্তু পুরোপুরি রেহাই পাননি তিনি। এ মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য বিচারক স্টেফানি শর্ত জুড়ে দিয়ে বলেছিলেন, ‘আগামী ৩০ মাসের মধ্যে কোনো রকম আইন ভঙ্গ করা যাবে না। রাষ্ট্রের সব আইনকে মেনে চলতে হবে। এটা খুব কঠিন কাজ নয়। আমি আশা করছি, লিন্ডসে এটা পারবেন।’ তবে সম্প্রতি লিন্ডসে যেসব কর্মকাণ্ড শুরু করেছেন, এভাবে চলতে থাকলে আবারও মামলা-সাজার ঝামেলায় ফেঁসে যেতে পারে তাঁর জীবন।