লিন্ডসের মনরো প্রীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে প্লেবয় ম্যাগাজিনের জানুয়ারি-ফেব্রুয়ারি সংখ্যার জন্য মেরিলিন মনরোর সাজে ছবি তুলেছিলেন হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’ লিন্ডসে লোহান। সম্প্রতি লাভ ম্যাগাজিনের জন্য আবারও মনরোর সাজেই ক্যামেরার সামনে দাঁড়ালেন ২৫ বছর বয়সী এই ‘মিন গার্লস’ তারকা।সাম্প্রতিক ফটোশুটের সব ছবিতেই ধূমপানরত অবস্থায় দেখা গেছে লিন্ডসেকে। ছবিগুলোর একটিতে আকর্ষণীয় কালো রঙের পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন লিন্ডসে।রূপালী পর্দায় লিন্ডসের অভিষেক ঘটেছিল ১৯৯৮ সালে, ‘দ্য প্যারেন্ট ট্রিপ’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে। ছবিটিতে মনোমুগ্ধকর অভিনয়ের জন্য তিনি ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মিন গার্লস’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি হলিউডের শীর্ষস্থানীয় তারকাদের কাতারে শামিল হন। ব্যবসা সফল ছবিটি কেবল যুক্তরাষ্ট্রেই আট কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করে।২০০৬ সাল থেকে উগ্র জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন লিন্ডসে। রাতভর মদ গিলে পার্টিতে মেতে থাকতেন। এসব কারণে ‘জর্জিয়া রুল’ ছবি থেকে বাদ পড়তে হয় তাঁকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২০০৭ সালে মামলা হয় তাঁর বিরুদ্ধে। সেই থেকে নানা সমস্যায় জর্জরিত লিন্ডসের জীবন। গত পাঁচ বছরে পাঁচবার জেলের ঘানি টানতে হয়েছে তাঁকে। আদালতের নির্দেশে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অবস্থান, কমিউনিটি সার্ভিসসহ আরও নানা ঝামেলায় বিপর্যস্ত হয়ে পড়ে তাঁর জীবন। এই সময়টাতে হাতে তেমন কোনো কাজ না আসায় আর্থিক সংকটের মুখেও পড়তে হয় তাঁকে। অবশেষে চলতি বছরে এসে ধ্বংসস্তূপ থেকে যেন নিজেকে টেনে তোলার ক্ষেত্রে ক্ষীণ আলো দেখতে পান তিনি। প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়ে আয় করেন এক মিলিয়ন ডলার। এর পর আরও কিছু কাজের প্রস্তাব আসে তাঁর কাছে। এখন দেখার বিষয় হলো অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নামের সঙ্গে এঁটে থাকা ‘প্রবলেম সেলিব্রেটি’র তকমা তিনি ছুড়ে ফেলতে পারেন কি না।