লিফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন চাকরিটা শাহেদের বেশ পছন্দ হয়েছে। ষোলোতলা বিল্ডিংয়ের টপ ফ্লোরে তার অফিস। নিজের রুমটাও দারুণ। জানালা দিয়ে পুরো ঢাকা শহর দেখা যায়। ইদানীং আরেকটা মজা শুরু হয়েছে। বস সবসময় তাকে কিছু বাড়তি কাজ দিয়ে যান। বলেন, ‘শাহেদ, কাজটা শেষ করে অফিস থেকে বের হয়ো...’ বাড়তি কাজ করতে শাহেদের ভালোই লাগে। ভালোলাগার কারণটা অবশ্য অন্য জায়গায়। বাড়তি কাজটুকু করতে তাকে একটু বেশি সময় অফিসে থাকতে হয়। একে একে সবাই চলে যাওয়ার সময় বলে:শাহেদ যাচ্ছি, তুমি আছ?হ্যাঁ, হাতের কাজটা শেষ করে বের হব।আবার হয়তো আরেকজন উঁকি মারে তার দরজায়শাহেদ যাচ্ছি, তুমি আছ?হ্যাঁ, হাতের কাজটা শেষ করে বের হব।...শাহেদ হিসাব করে দেখেছে...‘হ্যাঁ, হাতের কাজটা শেষ করে বের হব’ কথাটা তাকে মোট সাতবার বলতে হয়। তারপর সবাই যখন বের হয়ে যায়, সম্পূর্ণ অফিসে সে একা, তখন সে সদর দরজা লক করে একটা সিগারেট ধরায়। নিজের রুমে বসে পর্দা সরিয়ে তাকিয়ে থাকে ঢাকা শহরের দিকে। মনে হয় নিউইয়র্ক সিটি দেখছে সে, যদিও তার নিজের নিউইয়র্ক সিটি কখনো দেখা হয়নি। বাড়তি কাজের বিনিময়ে নিজের রুমে বসে চুরি করে সিগারেট খাওয়া (অফিসে সিগারেট খাওয়া ভয়াবহভাবে নিষিদ্ধ) তার দারুণ লাগে।মাঝেমধ্যে কফি বানিয়ে খায়, সঙ্গে আবার সিগারেট।তারপর বের হতে হতে রাত সাড়ে আটটা-নয়টা...এই চলছিল।সেদিন বের হতে হতে রাত নয়টা। অফিস লক করে। করিডর ধরে হেঁটে আসছে লাইট নেভাতে নেভাতে। পেছনে অন্ধকার হচ্ছে...যেন সে লাইট নিভিয়ে নিভিয়ে অন্ধকার তৈরি করতে করতে এগিয়ে যাচ্ছে লিফটের দিকে। এ সময় তার একটু ভয় ভয় লাগে। কেউ নেই এত বড় বিল্ডিংটায়? সে একা একা...পেছনের অন্ধকারটা শুধু সঙ্গী? তার শরীরের ভেতরে শিরশির করা একটা অনুভূতি কাজ করে।লিফটের সামনে এসে বাটন চাপতেই লিফট খুলে যায় না, নিচ থেকে উঠে আসতে একটু সময় নেয়। এই সময়টুকুতে হাতের মুঠোফোন অন করে দাঁড়িয়ে থাকে শাহেদ। মুঠোফোনের স্ক্রিনের হালকা আলোয় সে দাঁড়িয়ে থাকে। একটু পরেই লিফটটা খুলে যায়। লিফটের আলোয় করিডরটা আলোকিত হয়ে ওঠে। আজও তা-ই হলো। লিফটটা খুলে গেল। লিফটের আলোয় ভরে গেল করিডরটা। বরাবরের মতো লিফটের আয়নায় চোখ গেল শাহেদের। ধক করে উঠল বুকটা। তার পেছনে আরেকটা মুখ!সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকায় সে। কেউ নেই, সে একা! দ্রুত লিফটে উঠে দরজা লক করার বাটনটা চাপ দেয়। সঙ্গে সঙ্গেই দরজা লক হয়ে যায়...আজ যেন অনন্ত কাল লাগছে দরজা লক হতে। না দরজাটা লক হলো...মানে লক হওয়ার জন্য দরজার ভারী পাল্লা দুটো এগিয়ে আসছে। এবং লক হওয়ার আগমুহূর্তে আবার মুখটা দেখল সে একঝলক। লিফটের বাইরে স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে।বুকের ভেতরটা ধক ধক করছে তার।যে কাজ শাহেদ নিজেই খুব অপছন্দ করে, আজ সেটাই করল। সিগারেট ধরাল লিফটের ভেতরে। আর কী আশ্চর্য, তার মনে হলো অনন্তকাল ধরে লিফট নামছে তো নামছেই!ছয় আর সাততলার মাঝামাঝি এসে লিফটটা থেমে গেল। এর মানে কী? তারপর আস্তে করে ঝাঁকি খেয়ে লিফটটা আবার ওপরের দিকে উঠতে লাগল। হতভম্ব শাহেদ গ্রাউন্ডের বাটন টিপছে, কাজ হচ্ছে না। খুব ধীরগতিতে লিফটটা ওপরের দিকে উঠছে তো উঠছেই...।...ষোলোতলায় এসে থামল লিফটটা। শাহেদ টের পেল, সে রীতিমতো ঘামছে। এখন কি লিফটের দরজা আবার খুলবে...সে আবার দেখবে সেই মুখটা! দরজা খুলে গেল। অন্ধকার করিডর...কোথাও কেউ নেই...। লিফট বন্ধ হলো, আবার নামতে লাগল নিচের দিকে।এগারোতলায় এসে থেমে গেল লিফটটা। দরজা খুলে গেল আপনাআপনি। শাহেদের কী হলো, সে লিফট থেকে বেরিয়ে এল। শরীরে এন্ড্রেনালিন হরমোন নিঃসরণের ফলে হয়তো তার সাহস ফিরে এসেছে। তার এক হাতে মুঠোফোনের টর্চটা অন করা, অন্য হাতে প্রায় নিভে আসা সিগারেট। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল।সিঁড়ি দিয়ে নামতে নামতে সে আরেকটা সিগারেট ধরাল। সিঁড়িটা বরং আলোকিত। প্রতিটি ফ্লোরে সিঁড়ির গোড়ায় একটা করে লাইট। দ্রুত নেমে আসছে শাহেদ, প্রায় লাফিয়ে লাফিয়ে নামছে সে, একসঙ্গে দু-তিনটা করে সিঁড়ি টপকাচ্ছে। শেষ সিঁড়ি টপকে আলোকিত গ্রাউন্ডে নেমে এল শাহেদ। তাকে দেখে এগিয়ে এল দারোয়ান। দারোয়ান তার চেনা, প্রতিদিন রাত করে বের হয় বলে।কী হলো স্যার! সিঁড়ি দিয়া নামলেন যে?লিফট গোলমাল করছে।কী কন? লিফট তো জায়গামতনই আছে...ঐ দেখেন।শাহেদ তাকিয়ে দেখে, লিফটটা গ্রাউন্ডে স্থির হয়ে আছে, দরজা খোলা। ভেতরে একটা মানুষ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাথাটা কাত করে।লিফটের ভেতর ওইটা কে?কই কে? লিফট তো বন্ধ! শাহেদ অবাক হয়ে তাকিয়ে দেখে, লিফটটা আস্তে করে বন্ধ হয়ে গেল।পরদিন অফিসে সোয়া পাঁচটার দিকে বস ঢুকলেন শাহেদের রুমে। হাতে একগাদা ফাইল।শাহেদ, কাজটা শেষ করে অফিস থেকে বের হয়ো...ইয়ে স্যার...কিছু বলবে?স্যার, ছয়টার পর বাড়তি কাজ করা আমার পক্ষে সম্ভব না।মানে? বসের ভ্রু কুঁচকে গেল।ছয়টার পর বাড়তি কাজ করা আমার পক্ষে সম্ভব না। জোর দিয়েই কথাগুলো বলল শাহেদ।আচ্ছা। ফাইলগুলো নিয়ে বের হয়ে গেলেন বস।একটু বাদেই পিয়ন একটা খাম দিয়ে গেল শাহেদকে। শাহেদ খামটা না খুলে ওয়েস্টেজ বাস্কেটে ফেলে দিল। সে জানে, ওই খামে কী আছে। এ রকম পরিস্থিতিতে কী থাকে ওই ধরনের খামের ভেতরে।বস শরফুদ্দীন নিজেই নিজের রুমে বসে একা একা ফাইলগুলো সব ‘ক্লিয়ার’ করলেন, ‘কনফিডেনশিয়াল’ ফাইল। এই করতে করতে নয়টা বেজে গেল। অফিস লক করে করিডরের সব আলো নিভিয়ে লিফটের সামনে এসে যখন দাঁড়ালেন, তখন ঘড়িতে সোয়া নয়টা বাজে। লিফটটা খুলে গেল। তিনি ঢুকতে যাবেন, তাকিয়ে দেখেন সামনে লিফটের আয়না, তাঁর পেছনে শাহেদ। শাহেদকে ছাঁটাই করেছেন ছয়টায়, সে চলে গেছে সাড়ে ছটায়, এখন বাজে সোয়া নয়টা। ঝট করে পেছন ফিরলেন তিনি...কেউ নেই। লিফটে ঢুকে দরজা লক করলেন। বুকের বাঁ ধারে ব্যথা করছে। ব্যথাটা দ্রুত ছড়াচ্ছে...তিনি বুক চেপে লিফটের মেঝেতে বসে পড়লেন। লিফট হু হু করে নামছে। দুই চোখ বন্ধ করে বুকের ব্যথাটা সামলানোর চেষ্টা করলেন...তখনই কেমন একটা শব্দ এল কানে। চোখ খুললেন তিনি...লিফটের বন্ধ দরজার কাছে দেখলেন একজোড়া খালি পা, তাঁর সামনে কেউ একজন দাঁড়িয়ে। একটু আগেও লিফটের ভেতরে তিনি একা ছিলেন।তিনি হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করলেন। বন্ধ লিফটে কোনো বাতাস নেই বলে মনে হলো তাঁর। লিফটটা ঝাঁকি খেয়ে গ্রাউন্ডে এসে থামল, বস শরফুদ্দীনও ঝাঁকি খেয়ে কাত হয়ে পড়ে গেলেন। আর উঠলেন না।