লিফট ছিঁড়ে পড়ে চার শ্রমিক নিহত
নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে পড়ে চারজন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, লিফটে অতিরিক্ত ওজন বহনের কারণে এমনটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ ওই ভবনের এক ঠিকাদারকে আটক করেছে। নিহত ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খোরদোআইল চরের কোরবান আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৫), চাঁদপুরের হাইমচর উপজেলার চরপোড়ামুখীর সোনা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৮), একই গ্রামের মো. শহীদের ছেলে আবদুর রহমান (১৮) এবং কালু মল্লিকের ছেলে রুবেল (২৩)। নিহত আবদুর রহমান ও রুবেল অপর নিহত দেলোয়ার হোসেনের ভাতিজা বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, নিহত চারজন ১০৪ কাকরাইলের নির্মাণাধীন ২১ তলার (ভূগর্ভস্থ তিন তলাসহ) ‘আইরিশ নূরজাহান’ ভবনের টাইলস মিস্ত্রি ছিলেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে ওই চারজন শ্রমিক টাইলসসহ নির্মাণসামগ্রী বহনকারী লিফটে করে ১৩ তলায় উঠছিলেন। লিফটটি ভূগর্ভস্থ প্রথম তলা থেকে নয় তলার উচ্চতায় ওঠার পর হঠাৎ তার ছিঁড়ে গেলে মালামালসহ লিফটটি একেবারে নিচে পড়ে যায়। এতে লিফট ও ভেতরে টাইলসগুলো দুমড়েমুচড়ে যায়। ফলে লিফট ও ভাঙা টাইলসের নিচে চাপা পড়েন তাঁরা। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ ওই ভবনের টাইলসের ঠিকাদার আবদুল হান্নানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের মাঝামাঝি লিফটের জন্য নির্ধারিত স্থানে নির্মাণসামগ্রী বহনের এই লিফটটি স্থাপন করা হয়েছে। যেটাকে আসলে লিফট বলা হচ্ছে, সেটি স্টিলের তৈরি একটি পাত্রের মতো। কোনো দরজা নেই। এমনকি লিফটের স্থানে কোনো তলায়ও এখনো দরজা নির্মাণ করা হয়নি। শ্রমিকেরা জানান, মালামাল ওঠানো-নামানোর জন্য এটি বসানো হয়েছে। লিফটের ভেতরে একটি বাক্সে এর নিয়ন্ত্রণের সুইচ রয়েছে। ভবনের একেবারে ওপরে রয়েছে সুইচের সঙ্গে বৈদ্যুতিক তার দিয়ে সংযুক্ত একটি মোটর। মোটরটির সঙ্গেই পেঁচানো ছিল লিফটির তার। রক্তে লাল পানি: ভবনটির ভূগর্ভের নিচতলায় গিয়ে দেখা যায়, ওপর থেকে পড়ে লিফটটি দুমড়েমুচড়ে গেছে। ভেতরে প্যাকেটভর্তি টাইলসগুলো ভেঙে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। নিচে জমে থাকা পানি শ্রমিকদের রক্তে লাল হয়ে রয়েছে। পড়ে আছে লিফটের ছেঁড়া তার ও নিহত ব্যক্তিদের স্যান্ডেল ও গামছা। জানা গেছে, প্রায় ২৫ প্যাকেট টাইলস ওই লিফটে করে ওপরে ওঠানো হচ্ছিল। প্রতিটি প্যাকেটে চার বর্গফুট করে চারটি করে টাইলস রয়েছে। প্রত্যেক প্যাকেটের ওজন ২৮ কেজি। ভবনের রাজমিস্ত্রির সহযোগী মো. সোহেল জানান, দরজা না থাকায় যেকোনো তলা থেকে লিফটের তারের ওঠানামা দেখা যায়। গতকাল তিনি ১৭ তলায় কাজ করে নিচে নামতে লিফটের জন্য অপেক্ষা করছিলেন। লিফটটি বেশ কয়েক তলা ওপরে ওঠার সঙ্গে সঙ্গে তারটি ছিঁড়ে যায় এবং তিনি দেখতে পান, লিফটটি নিচের দিকে পড়ে যাচ্ছে। তিনি চিৎকার দিয়ে দ্রুত নিচে নেমে এসে দেখেন, লিফটের কোনায় একজনের রক্তাক্ত মাথা আটকে আছে, দুজনের দেহ ভাঙা টাইলসের নিচে এবং একজন লিফটের বাইরে। উদ্ধারের সময় চারজনই ছিলেন রক্তাক্ত ও অচেতন। শ্রমিকেরা জানান, ২১ তলা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে টাইলস, রাজের কাজ, শাটারিংসহ বিভিন্ন ফিনিশিংয়ের কাজ চলছে। একেকটি কাজের জন্য একেকজন ঠিকাদারের অধীনে অনেক শ্রমিক কাজ করেন। নিহত ব্যক্তিরা ওই ভবনের টাইলসের ঠিকাদার আবদুল হান্নানের অধীনে কাজ করতেন। এর মধ্যে দেলোয়ার ছাড়া সবাই এক মাস আগে কাজে যোগ দেন। দেলোয়ার যোগ দেন মাত্র চার দিন আগে।পুলিশের হাতে আটক আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘আইরিশ নূরজাহান’ আবাসন কোম্পানি বিল্ডিং ফর ফিউচারের একটি নির্মাণাধীন বাণিজ্যিক ও আবাসিক ভবন। প্রায় তিন মাস ধরে সময় ভাগ করে ২৪ জন শ্রমিক দিয়ে ওই ভবনের বিভিন্ন তলায় টাইলসের কাজ চলছে। শ্রমিকেরা রাতে ওই ভবনেই থাকতেন। সকাল আটটা থেকে কাজ শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। গতকাল নিহত চারজনের রাত্রিকালীন দায়িত্ব ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে তাঁরা কাজ শুরু করেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লিফটটি মালামাল পরিবহনের জন্য বসানো হয়েছে। মনে হচ্ছে, অতিরিক্ত ওজন (ওভারলোড) বহনের কারণে এর একমাত্র তারটি ছিঁড়ে পড়ে যায়। কার অবহেলায় এমনটি হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে আবদুল হান্নানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবহেলার অভিযোগে থানায় মামলার প্রক্রিয়া চলছে। ভবনসংশ্লিষ্ট যে বা যাদের বিরুদ্ধে অবহেলার প্রমাণ মিলবে, তাঁদের বিরুদ্ধে মামলাটি হবে।