রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত লা ভিঞ্চি হোটেলে লিফট স্থানান্তরের কাজ করার সময় আক্তারুজ্জামান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।আক্তারুজ্জামান পল্লবীর ‘ট্রপিক্যাল ভার্টিক্যাল মুভারস’ নামের একটি প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী ছিলেন। বিভিন্ন মেরামতের কাজের জন্য প্রতিষ্ঠানটি লা ভিঞ্চি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ। পুলিশ বলছে, লিফট ছিঁড়ে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনার ব্যাপারে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে আক্তারুজ্জামানকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। আক্তারুজ্জামানকে হাসপাতালে নিয়ে যান লা ভিঞ্চি হোটেলের কর্মচারী ও প্রত্যক্ষদর্শী আমির হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, রাত পৌনে আটটার দিকে হোটেলের কয়েক তলা ওপরে থাকা লিফটে ঢুকে লিটন, মিজান ও আরমান নামের তিনজন কাজ করছিলেন। আর নিচে কাজ করছিলেন আক্তারুজ্জামান। এ সময় হঠাত্ লিফটটি ওই তিনজনকে নিয়ে দ্রুত নিচে নেমে আক্তারুজ্জামানকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আহত হন লিফটে থাকা তিনজনও। তাঁদের মধ্যে আহত লিটনকে রাজধানীর ফার্মগেটে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। হোটেলের পরিচালন ব্যবস্থাপক (বিপণন) তাপস ঘোষ সাংবাদিকদের বলেন, তাঁদের বহুতল হোটেলটিতে পাশাপাশি দুটি লিফট রয়েছে। হোটেলে ঢুকেই ডান পাশের লিফটটি তুলনামূলকভাবে পুরোনো। তাই সেখানে নতুন লিফট স্থানান্তরের জন্য বেশ কদিন ধরে ‘ট্রপিক্যাল ভার্টিক্যাল মুভারস’-এর ওই চারজন কাজ করছিলেন। তাপস ঘোষ আরও বলেন, চারজনই হোটেলের কয়েক তলা ওপরে লিফটের ভেতরে কাজ করছিলেন। কী কারণে অস্বাভাবিকভাবে লিফটটি নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে, তার কিছুই তাঁরা বুঝতে পারছেন না। তবে লিফট ছিঁড়েনি। কিন্তু তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলো ডটকমকে জানান, কাজ করার সময় লিফট ছিঁড়ে এ ঘটনা ঘটেছে। রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিচতলায় লিফটটি পড়ে আরও নিচের দিকে চলে গেছে। কিছুটা দুমড়ানো-মুচড়ানো। লিফটের নিচের অংশে রক্তের ছোপ। তবে লিফট ছিঁড়ে যাওয়ার কোনো চিহ্ন দেখা যায়নি। হোটেলের কয়েকজন কর্মকর্তার ধারণা, ভুল কমান্ড দেওয়ায় হয়তো লিফটটি খুব দ্রুত নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।