লিফটে আটকা পড়লেন ভারতের মন্ত্রী
বিদ্যুতের যাওয়া-আসার কারণে ভারতের বিমানমন্ত্রী ভায়ালার রাভি ও তাঁর সফরসঙ্গীরা সাত মিনিট লিফটে আটকে থাকলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে এ ঘটনা ঘটে।জানা গেছে, ভারতের বিমানমন্ত্রী সকালে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে যায়। সাক্ষাত্ করতে মন্ত্রীর ঘরে যাওয়ার জন্য সচিবালয়ের ৬ নম্বর ভবনের লিফটে উঠেন তিনি। মন্ত্রী লিফটে ওঠার সঙ্গে সঙ্গে বিদ্যুত্ চলে যায় ও লিফট থেমে যায়। পরে প্রায় সাত মিনিট পর বিদ্যুত্ আসলে ভারতের মন্ত্রী লিফট থেকে বেরিয়ে আসেন। এরপর পাশের লিফটে করে তিনি ২০ তলায় উঠেন। এ সময় লিফটম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আহমেদ হোসেন।প্রসঙ্গত গতকাল বুধবারও সারা দিন সচিবালয়ে বিদ্যুতের আসা-যাওয়া চলছিল। বেলা একটার দিকে ৬ নম্বর ভবনের বেশ কয়েকটি লিফট বেশ কিছু সময়ের জন্য বন্ধও রাখা হয়েছিল।