লিফটে মাথা আটকে মৃত্যু, স্বজনদের ভাঙচুর
নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় গতকাল সোমবার রাতে একটি ক্লিনিকের লিফটে মাথা আটকে ব্যবসায়ী সাইদুর রহমানের (৩৫) মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের যন্ত্রাংশ খুলে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় সাইদুরের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওই ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ঘটনায় সাইদুরের স্বজনেরা ক্লিনিকটিতে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হলে তাঁরা লিফটের যন্ত্রাংশ খুলে সাইদুরের লাশ উদ্ধার করে।ওসি আরও জানান, সাইদুরের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে। তিনি ছিলেন স্যানিটারি ব্যবসায়ী। তাঁর পরিবার লাশ নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি।সাইদুর রহমানের বোন সফুরা প্রথম আলোকে বলেন, গতকাল রাত একটায় সন্তানসম্ভবা ভাবীকে নিয়ে ভাই সাইদুর রহমানসহ তাঁরা ডন চেম্বার এলাকার মেডিস্টার জেনারেল হাসপাতাল ক্লিনিকে আসেন। লিফটে তাঁরা দুই বোন ও ভাবী ওঠেন। ভাই সাইদুর ওঠার আগেই দরজা বন্ধ না হয়ে লিফটটি উপরের দিকে উঠে যায়। এতে তাঁর মাথা আটকা থেঁতলে যায় ও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।