লিফটের কনটেইনারে পোরশে, মার্সিডিজ, লেক্সাস
কনটেইনারে আসার কথা ছিল যাত্রীবহনের জন্য লিফট; কিন্তু সেই কনটেইনার এল বিলাসবহুল গাড়ি পোরশে, মার্সিডিজ ও লেক্সাস এসইউভি। আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কাস্টম হাউস ও বন্দরের কর্মকর্তারা কনটেইনার খুলে এগুলো দেখে হতবাক হয়ে যান।কাস্টম হাউসের উপকমিশনার মাহমুদুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, এই তিনটি গাড়ির শুল্ককরসহ আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। অবৈধভাবে এসব গাড়ি আমদানি করায় এগুলো বাজেয়াপ্ত করা হবে। আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।কাস্টম হাউস সূত্র জানায়, ঢাকার ডিইপিজেড এক্সটেনশন এরিয়া, সাভার ঠিকানার আমদানিকারক ইটাকল বাংলাদেশ লিমিটেড ১৬ প্যাকেজে এক সেট ‘প্যাসেঞ্জার লিফট’ আমদানির ঘোষণা দেয়। কোরিয়া থেকে আসা এসব পণ্যের মূল্য দেখানো হয় ৪৬ হাজার ২৫০ মার্কিন ডলার। আমদানিকারকের পক্ষে এসব পণ্য খালাসের দায়িত্ব দেওয়া হয় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স মাইমুন ট্রেডিং করপোরেশন লিমিটেডকে।কাস্টম হাউস সূত্র জানায়, ১২ সেপ্টেম্বর কনটেইনার খালাসের চেষ্টা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরপর খবর পেয়ে ১৪ সেপ্টেম্বর কনটেইনারটি আটক করে কাস্টমস হাউস। আজ বন্দরের ৫ নম্বর ইয়ার্ডে ৪০ ফুট দীর্ঘ এই কনটেইনার খোলা হয়। এ সময় দেখা যায়, দুটি গাড়ি কনটেইনারের নিচের দিকে এবং একটি শিকল দিয়ে বেঁধে কনটেইনারের ওপরের দিকে রাখা হয়েছে। কনটেইনারসহ গাড়ি তিনটি বন্দরের হেফাজতে রাখা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে মাইমুন ট্রেডিং করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম হারুন-অর-রশিদ বলেন, ‘এই চালান খালাসের বিষয়টি আমি জানি না। তবে আমার লাইসেন্স ব্যবহার করে কীভাবে এমন ঘটনা হলো, সেটি খতিয়ে দেখতে কাস্টম হাউসের কমিশনারকে চিঠি দিয়েছি।’ইটাকল বাংলাদেশ লিমিটেডের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও জানায়, এই পণ্য তাদের নয়।