লিফশুলজ আসছেন না, বক্তব্য পাঠাতে পারেন
লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচার সম্পর্কে বক্তব্য রাখতে ২৬ জানুয়ারি ঢাকায় আসতে পারছেন না মার্কিন সাংবাদিক ও লেখক লরেন্স লিফশুলজ। তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষভাগের আগে তাঁর ঢাকা আসা সম্ভব নয়। তবে তাহেরের বিচার সম্পর্কে তাঁর বক্তব্য হলফনামা আকারে (এফিডেভিট) কয়েক দিনের মধ্যে হাইকোর্টে উপস্থাপনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি। লিফশুলজ এবং বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ই-মেইলে যোগাযোগ সূত্রে এ তথ্য জানা গেছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ২০ জানুয়ারি ওই বিচার সম্পর্কে বক্তব্য রাখতে মার্কিন সাংবাদিক লিফশুলজকে অনুরোধ জানান। আগামীকাল ২৬ জানুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে তাঁকে বক্তব্য উপস্থাপন করতে অনুরোধ করা হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও পররাষ্ট্রসচিবকে যোগাযোগ করতে বলা হয়।এরই ধারাবাহিকতায় লরেন্স লিফশুলজের সঙ্গে ই-মেইলে যোগাযোগ হয় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানের। একই বিষয়ে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গেও ই-মেইল বিনিময় করেন লিফশুলজ। যোগাযোগ করা হলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, লরেন্স লিফশুলজের সঙ্গে যোগাযোগ ও কথা হয়েছে। ব্যক্তিগত অসুবিধার কারণে নির্ধারিত সময়ের মধ্যে তিনি আসতে পারছেন না বলে জানিয়েছেন। এক মাস পর আসতে পারবেন। তবে তাহেরের গোপন বিচার সম্পর্কে তাঁর বক্তব্য হলফনামা আকারে পাঠানোর কথা জানিয়েছেন লিফশুলজ।সূত্র জানায়, এ ব্যাপারে গতকাল পররাষ্ট্রসচিবকে পাঠানো মেইল বার্তায় লিফশুলজ বলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের এম কে রহমানের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাহেরের বিচারের বিষয়ে হাইকোর্টের অনুরোধের বিষয়টি তিনি জেনেছেন। তিনি জানান, হাইকোর্টের বেঞ্চের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার দুর্লভ সম্মানের বিষয়টি তিনি অনুধাবন করতে পারছেন। কিন্তু ফেব্রুয়ারির শেষভাগের আগে তাঁর পক্ষে ঢাকায় আসা সম্ভব নয়। কারণ তাঁর ছেলে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয়েছে। এ ছাড়া অন্য একটি পারিবারিক কারণেও তাঁর পক্ষে এর আগে ঢাকায় উপস্থিত হওয়া সম্ভব নয়। লিফশুলজ ব্যক্তিগতভাবে আশা করেন, মামলাটি ফেব্রুয়ারির শেষভাগ নাগাদ চলবে। তবে তিনি এটাও উপলব্ধি করেন যে আর দেরি না করে মামলাটি এগিয়ে নেওয়া উচিত। তাই কয়েক দিনের মধ্যে হলফনামা আকারে তাঁর বক্তব্য বাংলাদেশের আদালতে উপস্থাপন করার ব্যাপারে আশাবাদী তিনি।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল লিফশুলজকে ই-মেইল বার্তায় বলেন, তাঁর বার্তা বিচারপতিদের জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এফিডেভিট করা বক্তব্যই যথেষ্ট।প্রসঙ্গত, ১৯৭৬ সালের ১৭ জুলাই সামরিক আদালতের গোপন বিচারে লে. কর্নেল তাহেরকে ফাঁসির রায় দেওয়া হয়। ওই বছরের ২১ জুলাই ভোরে ফাঁসি কার্যকর হয়। গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত বছরের আগস্টে হাইকোর্টে রিট করেন। এই মামলায় ২০ জানুয়ারির শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ওই সময় লরেন্স লিফশুলজ তাহেরের বিচার পর্যবেক্ষণ করেন। তাঁর বক্তব্য শোনা হলে অনেক অজানা তথ্য পাওয়া যাবে। এর পরিপ্রেক্ষিতে আদালত লিফশুলজকে আসার অনুরোধ জানান।