যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ২০১০
লিবারেল ডেমোক্র্যাটস-কনজারভেটিভ ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনা
যুক্তরাজ্যে নতুন সরকার গঠনে জোট গড়ার ব্যাপারে সবচেয়ে বেশি আসন পাওয়া কনজারভেটিভ পার্টির সঙ্গে তৃতীয় স্থানে থাকা লিবারেল ডেমোক্র্যাটস দলের দরকষাকষি অব্যাহত রয়েছে। গতকাল রোববার দীর্ঘসময় দুই দলের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলে। বিকেলে শুরু হওয়া দ্বিতীয় দফার আলোচনা বাংলাদেশ সময় গভীর রাতে শেষ হয়। বৈঠকে নতুন সরকার গঠনের ব্যাপারে ‘খুবই ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে নেতারা জানিয়েছেন। খবর বিবিসি, এএফপি, রয়টার্সের।টোরি প্রতিনিধিদলের সদস্য ছায়া পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বৈঠক থেকে বেরিয়ে এসে বলেন, সম্ভাব্য কোনো চুক্তির মূল বিষয় হবে অর্থনৈতিক স্থিতিশীলতা —এ বিষয়ে তাঁরা মতৈক্যে পৌঁছেছেন।ক্যামেরন ও ক্লেগ বৈঠকে উপস্থিত ছিলেন না, তবে তাঁরা বিকেলে ফোনে কথা বলেছেন। নিজ নিজ দলের নেতাদের সঙ্গে আলোচনার পর দুই পক্ষের প্রতিনিধিদলের সদস্যরা ২৪ ঘণ্টার মধ্যে আবারও বৈঠকে মিলিত হবেন। আজ সোমবার ব্রিটেনের স্থানীয় সময় বিকেলে বৈঠকে বসছেন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্যরা। এদিকে পররাষ্ট্র দপ্তরে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে গতকাল দেখা করেন লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগ।ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বিবিসিকে জানান, তাঁদের আলোচনা ছিল সৌহার্দ্যপূর্ণ।বিবিসির রাজনীতিবিষয়ক সম্পাদক নিক রবিনসন বলেন, ব্রাউন ও ক্লেগের বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, আর ডেভিড ক্যামেরনও বৈঠকের ব্যাপারটি জানেন।নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগের হাতেই দৃশ্যত জোট সরকার গঠনের চাবিকাঠি।বৈঠকে লিবারেল ডেমোক্র্যাটস দলের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ড্যানি আলেক্সান্ডার, ক্রিস হান ও অ্যান্ড্রু স্টানেল। অন্যদিকে কনজারভেটিভ পার্টির প্রতিনিধিদলে রয়েছেন উইলিয়াম হেগ, জর্জ অসবোর্ন, অলিভার লেটউইন ও এড লোয়েলিন।আলোচনার ব্যাপারে ক্যামেরনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী মাইকেল গোভ বলেন, ‘দুই পক্ষের মনোভাবই ইতিবাচক। জাতীয় স্বার্থে একটি সমঝোতায় আসার ব্যাপারে দুই পক্ষেরই আগ্রহ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সোমবারের মধ্যে একটি অগ্রগতির ইঙ্গিত দেওয়া জরুরি, যাতে ব্যবসায়ী সম্প্রদায় ও দেশবাসী স্বস্তি পান।’লিব ডেমের কোনো সদস্যকে মন্ত্রী করার জন্য নিজের মন্ত্রী হওয়ার সুযোগ ছেড়ে দেবেন কি না জানতে চাইলে গোভ বলেন, ‘অবশ্যই। কোনো উৎকণ্ঠা ছাড়াই।’ সরকার গঠনের ব্যাপারে তিনি বেশ কিছু বিকল্পের কথাও বলেন। এর মধ্যে একটি হচ্ছে ‘মাইনরিটি গভর্নমেন্ট’ বা ‘সংখ্যালঘিষ্ঠের সরকার’ গঠন। জোট করতে ব্যর্থ হলে তাঁরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে লিব ডেমদের সমর্থন নিয়ে এ ধরনের সরকার গঠন করতে পারেন বলে ইঙ্গিত দেন গোভ।এদিকে শিগগিরই সমঝোতা নাও হতে পারে—এ আশঙ্কা প্রকাশ করে লিবারেল ডেমোক্র্যাটস দলের একজন শীর্ষস্থানীয় নেতা সাইমন হিউজেস বলেছেন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে কনজারভেটিভ পার্টির আগ্রহ নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে। তাঁরা দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু সোমবারের আগে তা সম্ভব হবে বলে তাঁরা মনে করছেন না।গত বৃহস্পতিবারের নির্বাচনে ব্রিটিশ পার্লামেন্টে ৬৪৯টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি ৩০৬টি, লেবার পার্টি ২৫৮টি ও লিবারেল ডেমোক্র্যাটস ৫৭টি আসন পেয়েছে। একটি আসনের নির্বাচন স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য একটি দল বা জোটের প্রয়োজন ৩২৬টি আসন।নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ৩৬ বছর পর একটি ঝুলন্ত পার্লামেন্ট পেয়েছে ব্রিটেনবাসী।এদিকে নির্বাচনের এই ফল ব্রিটেনের পুঁজিবাজারে প্রভাব ফেলেছে। ডলারের বিপরীতে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের বিনিময় হারও অনেকটা নেমে গেছে। সাপ্তাহিক বন্ধ কাটিয়ে আজ সোমবার আবার পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। ব্যবসায়ীরা এর আগেই সরকার গঠনের বিষয়ে রাজনীতিকদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট আশ্বাস পেতে চাইছেন।গতকাল সকালে আলোচনা শুরুর আগে নিক ক্লেগ বলেন, ‘অর্থনৈতিক মন্দার এই অনিশ্চয়তার মধ্যে লিবারেল ডেমোক্র্যাটসরা একটি গঠনমূলক ভূমিকা নেবেন। একটি স্থিতিশীল সরকার গঠনের মাধ্যমে কর-ব্যবস্থার সংস্কার, সন্তানদের জন্য উন্নততর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার বড় ধরনের সংস্কারগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে চাই আমরা।’ শনিবার রাতে প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউনের সঙ্গে তাঁর টেলিফোনে আলাপের কথাও নিশ্চিত করেন তিনি।লিব ডেম-কনজারভেটিভ জোট গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। নিক ক্লেগের দলের দাবি অনুযায়ী, এখনই নির্বাচনী ব্যবস্থার সংস্কার করা হলে বর্তমান ভোটপ্রাপ্তির বিচারে পার্লামেন্টে লিবারেল ডেমোক্র্যাটসদের অংশীদারি অনেক বেশি হতো।ব্রিটেনে বর্তমান নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী যে প্রার্থী বা দল সবচেয়ে বেশি ভোট পায়, তারাই জয়ী হয় এবং সরকার গঠন করে। কিন্তু লিবারেল ডেমোক্র্যাটসরা চাইছে, ভোটের আনুপাতিক হার অনুযায়ী প্রতিনিধিত্ব-ব্যবস্থা প্রবর্তন করা হোক। এবারের নির্বাচনে নিক ক্লেগের দলের পক্ষে ভোট বাড়লেও গত নির্বাচনের তুলনায় তারা পাঁচটি আসন কম পেয়েছে।ব্রিটেনের পত্রিকাগুলোর গতকালের প্রকাশিত জনমত জরিপে দেখা গেছে, ব্রিটেনের জনগণ লিব ডেমদের নির্বাচনী ব্যবস্থা সংস্কার প্রস্তাবের পক্ষে মত জানিয়েছে। তবে কনজারভেটিভ পার্টি এ ধরনের পরিবর্তনের বিরোধী। এ ছাড়া অর্থনৈতিক, প্রতিরক্ষা, অভিবাসন ও ইউরোপে ব্রিটেনের অবস্থান নিয়েও দুই দলের মধ্যে নীতিগত পার্থক্য রয়েছে।