লিবিয়ায় বিমান হামলা অব্যাহত, প্রতিহতের ঘোষণা গাদ্দাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আজ রোববারও পশ্চিমা বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এদিকে দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি এই হামলাকে ‘সাম্রাজ্যবাদী ধর্মযুদ্ধ’ বলে আখ্যায়িত করে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।এক বেতার বার্তায় গাদ্দাফি দেশটির অস্ত্রাগার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, পশ্চিমা বিমান হামলায় এ পর্যন্ত ৪৮ ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে দেড় শতাধিক ব্যক্তি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোনো নিরপেক্ষ সূত্র থেকে এই হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে ত্রিপোলিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।গতকাল রাতে গাদ্দাফির বিভিন্ন ঘাঁটিতে প্রথমে ফ্রান্স বিমান হামলা চালায়। তারা বেনগাজিতে বেশ কিছু ট্যাংক ও সাজোয়া যান ধ্বংস করে। এর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে লিবিয়ার ত্রিপোলি বিমান ঘাঁটিতে এবং পশ্চিমাঞ্চলীয় মিসরাত শহরে প্রায় ১১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মার্কিন সেনা সূত্র জানিয়েছে।মার্কিন সেনা সূত্র জানিয়েছে, তারা ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও ইতালির সঙ্গে লিবিয়ায় পরিচালিত ‘অপারেশন অডিসি ডোন’-এ একসঙ্গে কাজ করছে।