লিবিয়ায় বিমান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বিমান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সমাবেশ করেছে মার্কিনিরা। ইরাক ও আফগানযুদ্ধে বিরক্ত হয়ে ওঠা মার্কিন জনগণ নতুন করে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ার বিপক্ষে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যে বলেছেন, লিবিয়ায় যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী পাঠানো হবে না। গতকাল শনিবার বোমা হামলার পর পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, বোমা নিক্ষেপে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেয়নি।যুক্তরাষ্ট্রের যুুদ্ধজাহাজ থেকে ১১০টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। গতকাল বিকেলে পেন্টাগন থেকে বলা হয়েছে, যৌথ বাহিনীর সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্র নেতৃত্বের ভূমিকা পালন করছে।মুসলিম বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে যুক্তরাষ্ট্রের জনগণ এখন আর আগ্রহী নয়। প্রেসিডেন্ট বারাক ওবামাও আরেকটি যুদ্ধের দায় কাঁধে নেওয়ার জন্য ততটা উত্সাহী বলে রাজনৈতিকভাবে মনে করা হচ্ছে না। যুদ্ধের ব্যয় সামাল দিতে মার্কিন অর্থনীতির মন্দার কারণে এ সময় নীতিনির্ধারকেরাও আরেকটি যুদ্ধের ব্যয় বহনে অনিচ্ছুক। যুক্তরাষ্ট্রের জনগণও মনে করে, জাতিসংঘের মাধ্যমে বিশ্বশক্তিই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করুক।গতকাল যুুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরে যুদ্ধবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরাকযুদ্ধের অষ্টম বার্ষিকী উপলক্ষে মার্কিন যুদ্ধবিরোধীরা মূলত এসব সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশ থেকে লিবিয়ায় মার্কিন বিমান হামলার নিন্দা জানানো হয়। হোয়াইট হাউসসংলগ্ন এলাকা থেকে যুদ্ধবিরোধী সমাবেশে অংশ নেওয়া ১০০ জনকে পুলিশ গ্রেপ্তার করে।নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেল। ডেমোক্র্যাট দলের প্রবীণ এই আইনপ্রণেতা বলেন, ‘লিবিয়ায় বোমা হামলার আগে বিষয়টি নিয়ে কংগ্রেসে কোনো আলোচনা হয়নি। প্রেসিডেন্ট ওবামা মনে করেছেন, লিবিয়া পরিস্থিতি নিয়ে আমরা জাতিসংঘে যাব এবং তাদের কথামতো যুদ্ধে জড়িয়ে পড়ব।’ যুদ্ধে যাওয়ার মতো সিদ্ধান্ত প্রেসিডেন্ট ওবামার নেওয়া উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।