লিবিয়ার ত্রাণবাহী জাহাজ মিসর পৌঁছেছে
অবরুদ্ধ গাজা অভিমুখী লিবিয়ার ত্রাণবাহী জাহাজ আল মাথি গতকাল বুধবার রাতে মিসরের আল আরিশ বন্দরে পৌঁছেছে।আল আরিশ বন্দরের পরিচালক জামাল আবদেল মাকসুদ বুধবার গভীর রাতে বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, জাহাজটি এখন পিয়ার থেকে ৫০০ মিটার দূরে নোঙর ফেলে অবস্থান করছে। সেটি বন্দরে ভেড়ার জন্য লিবিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়ার অপেক্ষা করছে। জামাল আবদেল মাকসুদ আরও বলেন, আল মাথিকে বন্দরে টেনে আনার জন্য একটি নৌযান পাঠানো হয়েছে। জাহাজটিতে ৫০০ টন আটা, ২৫৫ টন গম, ২০০ টন ভোজ্যতেল, ৪৫ টন দুধ এবং ২৮টি বিশাল পাত্রভর্তি ওষুধসহ দুই হাজার টন খাদ্যসামগ্রী ও ওষুধ রয়েছে বলে তিনি জানান।বন্দর কর্মকর্তারা বলেন, জাহাজটিতে মোট ২০ জন লোক রয়েছেন। তাঁরা হচ্ছেন বিভিন্ন দেশের ১২ জন নাবিক ও আটজন লিবিয়ার নাগরিক।মিসর রেড ক্রিসেন্ট সোসাইটির আল আরিশ ব্রাঞ্চের প্রধান ওসামা আল সারজানি বলেন, মিসর রেড ক্রিসেন্ট সোসাইটি জাহাজটি থেকে মালামাল খালাস ও তা ট্রাকে করে গাজায় পৌঁছানোর ব্যবস্থা করতে প্রস্তুত।এল সারজানি আরও জানান, বন্দর কর্তৃপক্ষ প্রথমে জাহাজের পণ্যসামগ্রীর প্যাকেটগুলো সঠিক মানের কি না, তা পরীক্ষা করে দেখবে। সঠিক মানের না হলে আল আরিশ শহরে সেগুলো আবার প্যাকেট করে অবরুদ্ধ ভূখণ্ডটিতে পাঠানো হবে। তিনি জানান, ওষুধ ও শিশুদের দুধ রাফাহ ক্রসিং দিয়ে পাঠানো হবে এবং খাদ্যসামগ্রী মিসর-ইসরায়েল সীমান্তের ওউজাহ ক্রসিং দিয়ে পাঠানো হবে।