লিবিয়ার দূতাবাস ভুয়া ভিসা দেয় না
অবৈধভাবে লোক পাঠানো বা ভুয়া ভিসা তৈরির সঙ্গে ঢাকার লিবিয়া দূতাবাসের কোনো কর্মকর্তা জড়িত নন বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স কামেল মোহাম্মদ আল মাহজুব। তিনি বলেন, ‘দূতাবাস কোনো ভুয়া ভিসা দেয় না। এর আগেও দেয়নি, পরেও দেবে না। একটি চক্র ভুয়া ভিসা দিচ্ছে।’আজ বুধবার দুপুরে গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কামেল এই দাবি করেন।সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ লিবীয় নাগরিক আমারা মাহমুদ আমারা (২৩), মাবরুক ফারাগ ছালিম (৪৪) ও সামির আহমেদ ওমর ফারাগকে (৩৬) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৬৮৪টি বাংলাদেশি পাসপোর্ট, এক লাখ ৮১ হাজার মার্কিন ডলার, ১০ লাখ ৬৬ হাজার বাংলাদেশি টাকা এবং লিবিয়া ও কাতারের মুদ্রাসহ এক কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের মালামাল জব্দ করা হয়। গ্রেপ্তার ওই তিন নাগরিকের বিষয়ে জানতে চাইলে কামেল মোহাম্মদ আল মাহজুব বলেন, ‘তাঁরা আসলে ব্যবসায়ী। কিন্তু তাঁরা বাংলাদেশের প্রচলিত আইন বুঝতে পারেননি। সে কারণে তাঁরা ভুল করেছেন।’ তাঁদের কাছে এত বাংলাদেশি পাসপোর্ট কীভাবে গেল, এ বিষয়েও তিনি কিছু জানেন না বলে জানান।ওই ব্যক্তিদের অতীতে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সংবাদ সম্মেলনে দেখা গেছে—এমন অভিযোগের জবাবে কামেল বলেন, ‘আমার মনে নেই তাঁরা ছিলেন কি না, তবে তাঁদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ কামেল মাহজুব বলেন, ‘লিবিয়ার অবস্থা এখন অনেক ভালো। তাই বাংলাদেশের ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধিদলকে আমি লিবিয়া পরিদর্শন করে আসার অনুরোধ করছি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়া সফরের ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি।’লিবিয়ার দূতাবাসে সাত হাজার বাংলাদেশির ভিসা পড়ে থাকা প্রসঙ্গে জানতে চাইলে কামেল বলেন, ‘কত ভিসা পড়ে আছে, আমার তা জানা নেই। তবে আমরা নতুন ভিসা দিচ্ছি।’কামেল মোহাম্মদ আল মাহজুব দীর্ঘদিন ধরে ঢাকায় লিবিয়ার দূতাবাসে কাজ করছেন। গাদ্দাফির সময়ে তিনি নিয়োগ পেয়েছেন। তবে লিবিয়ায় গাদ্দাফির পতনের পর ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত চলে গেলেও তিনি ঢাকায় ছিলেন এবং নিজেই চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব নেন।সংবাদ সম্মেলনে কামেল দাবি করেছেন, গাদ্দাফির সমর্থকেরা ঢাকার লিবিয়া দূতাবাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছে বেসরকারি একটি টেলিভিশন। আল মাহজুব বলেন, এই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিবিয়ায় গিয়ে পরিস্থিতি দেখে আসতে বলা হয়েছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সাড়া দিচ্ছে না।