লিবিয়া অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকা সীমিত রাখা হবে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ায় সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকা সীমিত রাখা হবে। মার্কিন পদাতিক বাহিনীকে লিবিয়ায় পাঠানো হবে না।লিবিয়ায় সামরিক অভিযান প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান জাতির কাছে ব্যাখ্যা করে প্রেসিডেন্ট ওবামা এসব কথা বলেন। গতকাল সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বেতার ও টিভিতে সরাসরি সম্প্রচারিত বক্তব্যে সামরিক অভিযানে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের আগে কংগ্রেসের উভয় দলের নেতৃত্ব পর্যায়ে তিনি পরামর্শ করেছেন বলে উল্লেখ করেন।প্রেসিডেন্ট ওবামা বলেন, কৌশলগত ও নৈতিক দায়বদ্ধতা থেকেই যুক্তরাষ্ট্র এ যুদ্ধে সাড়া দিয়েছে। বুধবার থেকেই লিবিয়ায় সামরিক অভিযানের পূর্ণ নেতৃত্ব ন্যাটো জোটের হাতে ন্যস্ত হবে।ওবামা তাঁর বক্তব্যে নয় দিন আগে দ্রুত লিবিয়ায় সামরিক হামলা অনুমোদনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, অপেক্ষার পরিণাম ভয়াবহ হতে পারত। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহীদের দমনে যে গণহত্যা শুরু করেছে তা রোধের জন্যই দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে।গাদ্দাফিকে অপসারণ করা না হলে লিবিয়া মিশন সফল হবে না—এমন বিতর্কের জবাবে প্রেসিডেন্ট ওবামা বলেন, গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হলে তা লিবিয়াসহ সারা বিশ্বের জন্যই যে ভালো হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে সামরিক অভিযানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সামরিক অভিযানের মাধ্যমে গাদ্দাফিকে অপসারণের ঘোষণা সামরিক অভিযানে অংশ নেওয়া মিত্রদের মধ্যে বিভক্তি সৃষ্টির অবকাশ ছিল। ইরাকের মতো আরেকটি ভুল পথে যুক্তরাষ্ট্র পা বাড়ায়নি বলে তিনি উল্লেখ করেন।প্রেসিডেন্ট ওবামা তাঁর বক্তব্যে বলেন, যৌথ সামরিক অভিযানের মাধ্যমে লিবিয়ার জনগণকেই তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, গাদ্দাফিকে রাতারাতি ক্ষমতাচ্যুত করা যাবে না। তবে ইতিহাস এখন লিবিয়ার শাসক গাদ্দাফির পক্ষে নয়। লিবিয়ার জনগণকে সময় ও সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের।সাধারণভাবে জনগণ প্রেসিডেন্টের বক্তব্য গ্রহণ করলেও তাত্ক্ষণিক সমালোচনাও এসেছে রক্ষণশালীদের পক্ষ থেকে। প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেছেন, ‘আমরা যদি বলি, গাদ্দাফি তোমার চিন্তা নেই যুক্তরাষ্ট্র তোমাকে ক্ষমতাচ্যুত করতে আসবে না। বিষয়টি মুয়াম্মার গাদ্দাফির জন্য উত্সাহজনক হবে। গাদ্দাফিকে হটানোর জন্য প্রয়োজনে যুক্তরাষ্ট্র একাই অভিযানে নামা উচিত।’তবে ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান ইমানুয়েল ক্লেভার বলেছেন, ‘আমরা ইরাক ও আফগানিস্তানের মতো আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ার দায়ভার নিতে পারি না।’ ন্যাটোর হাতে লিবিয়া অভিযানের নেতৃত্ব যাচ্ছে—এমন ঘোষণাকে সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন।গাদ্দাফি সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ওয়াশিংটনে লিবিয়ার রাষ্ট্রদূত আলী আওজালি প্রেসিডেন্ট ওবামার বক্তব্যের প্রশংসা করেছেন। এক তাত্ক্ষণিক বিবৃতিতে তিনি লিবিয়ার অন্তর্বর্তীকালীন কাউন্সিল ও লিবিয়ার জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট ওবামা ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণেই লিবিয়ায় হাজার হাজার মানুষের প্রাণ এখন পর্যন্ত রক্ষা পেয়েছে।জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষজ্ঞ মার্ক লিনচ বলেছেন, মানবিক বিপর্যয় ও চরম সংকটে যুক্তরাষ্ট্রের দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বক্তব্যে স্পষ্ট করতে পেরেছেন।