লিবিয়া ছেড়ে আসা বাংলাদেশিদের আশ্রয় দেবে না গ্রিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া ছেড়ে আসা বাংলাদেশিদের আশ্রয় দিতে অপারগতা জানিয়েছে গ্রিস। সম্প্রতি জাহাজে চড়ে ত্রিপোলি থেকে গ্রিসে যাওয়ার পথে কেউ কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করায় দেশটি এ পদক্ষেপ নিয়েছে।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর দপ্তরে সাংবাদিকদের এ আভাস দিয়েছেন। সরাসরি না বললেও সাংবাদিকদের পররাষ্ট্র সচিব জানান, ‘গ্রিস সরকার আমাদের জানিয়েছে, তাদের (গ্রিস) এ মুহূর্তে মানুষকে আশ্রয় দেওয়ার সামর্থ্য নেই।’গত রোববার ভোরে গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে পৌঁছানোর আগে ৪৯ জন বাংলাদেশি জাহাজ থেকে লাফিয়ে পড়লে তিনজন প্রাণ হারান। গ্রিসে যাওয়ার পথে সাগরে লাফিয়ে পড়া ১১ জন বাংলাদেশির খোঁজ মেলেনি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, গতকাল দুপুর পর্যন্ত নিখোঁজ ১১ জনের সন্ধান পাওয়া যায়নি। তবে কোস্টগার্ডসহ গ্রিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিখোঁজ বাংলাদেশিদের সন্ধান চালাচ্ছে।এদিকে মিসর ও তিউনিসিয়া থেকে আগামী পাঁচ দিনে ভাড়া করা ২৪টি বিমানে প্রায় সাত হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে।আইওএমের আহ্বান: লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশিদের পুনর্বাসনের জন্য সরকারি, বেসরকারি সংস্থাসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। গতকাল মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইওএমের আঞ্চলিক প্রতিনিধি (দক্ষিণ এশিয়া) রাবাব ফাতিমা এই আহ্বান জানান। তিনি বলেন, লিবিয়া থেকে এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। আরও ২১ হাজার বাংলাদেশি মিসর ও তিউনিসিয়া সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে ১৪ হাজার আছেন তিউনিসিয়া সীমান্তে, বাকিরা মিসর সীমান্তে। রাবাব ফাতিমা জানান, সংস্থাটির সহায়তায় ১৪ মার্চের মধ্যে মোট ১০ হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে আইওএমের জাতীয় কর্মসূচি কর্মকর্তা আসিফ মুনির, আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক ক্রিস্টিনা মেয়ো ও বিশেষজ্ঞ চিকিৎসক ইগর কাজানেতস উপস্থিত ছিলেন।