লিবিয়া থেকে আজ ফিরছেন সাড়ে ৫০০ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় কর্মরত প্রায় সাড়ে ৫০০ বাংলাদেশি আজ বুধবার ঢাকায় ফিরছেন। এঁদের মধ্যে ৩৮৩ জন মিসর ও তিউনিসিয়া হয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে দেশে ফিরছেন। এ ছাড়া চীনা কর্তৃপক্ষের খরচে গ্রিসের ক্রিট দ্বীপ থেকে আসছেন ১৪৩ জন। আগামী কয়েক দিনে দেশে ফিরবেন আরও কয়েক শ বাংলাদেশি। এদিকে ত্রিপোলিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে লুটপাটের যে খবর প্রচারিত হয়েছে, তা সঠিক নয়।সংঘাতপীড়িত লিবিয়া ছাড়তে উন্মুখ কয়েক হাজার বাংলাদেশি এ মুহূর্তে আটকা রয়েছেন প্রতিবেশী তিউনিসিয়া সীমান্তে। গত সোমবার সন্ধ্যা থেকে অন্তত পাঁচ হাজার বাংলাদেশি অবস্থান করছেন লিবিয়া-তিউনিসিয়া সীমান্তের নো-ম্যান্স-ল্যান্ডে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, তিউনিসিয়া সীমান্তে আটকে পড়া বাংলাদেশিদের দেখভালের জন্য আইওএমকে অনুরোধ জানানো হয়েছে। আইওএমের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধি রাবাব ফাতিমা প্রথম আলোকে মুঠোফোনে বলেন, সংস্থাটির সহায়তায় বাংলাদেশিদের প্রথম দল বুধবার ঢাকায় আসছে। এঁদের মধ্যে মিসর ও তিউনিসিয়া থেকে তিনটি আলাদা ফ্লাইটে দেশে ফিরছেন ৩৮৩ জন। গালফ এয়ারের একটি ফ্লাইটে ভোর সাড়ে চারটায় আসবেন ৩৫ জন। সকাল ১০টায় দুটি ভাড়া করা বিমানে আসবেন আরও ৩৪৮ জন। আগামী দু-এক দিনের মধ্যে তিনটি ফ্লাইটে আরও প্রায় ৮০০ বাংলাদেশিকে ফিরিয়ে আনবে আইওএম।রাবাব ফাতিমা জানান, বাংলাদেশিদের নিরাপদে দেশে আনা কিংবা লিবিয়ার পাশের দেশে অবস্থানে সহায়তার পাশাপাশি মানবিক সাহায্য করছে আইওএম। তারা এ পর্যন্ত লিবিয়া ছেড়ে মিসর, তিউনিসিয়া ও নাইজার সীমান্তে ঠাঁই নেওয়া প্রায় ছয় হাজার বাংলাদেশিকে খাবার, পানি ও আশ্রয়ের পাশাপাশি ভ্রমণ-সংক্রান্ত কাগজপত্র সরবরাহ করছে। সীমান্তে আটকে পড়া বাংলাদেশিরা: তিউনিসিয়া সীমান্তে দুদিন ধরে আটকে পড়াদের অভিযোগ, বাংলাদেশের কোনো কর্মকর্তাকে মঙ্গলবার বিকেল পর্যন্ত দেখা যায়নি। নো-ম্যান্স-ল্যান্ডে আটকে পড়া পাঁচ হাজার বাংলাদেশির অন্যতম প্রকৌশলী আবুল কালাম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ‘দক্ষিণ কোরিয়ার মালিকপক্ষ আমাদের সীমান্তে রেখে তিউনিসিয়া চলে গেছে। গতকাল সোমবার দুপুরে আসার পর থেকে আমরা অনাহারে আছি। এভাবে কত সময় থাকতে হবে জানি না।’এ ব্যাপারে জানতে চাইলে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান বলেন, ‘বুধবারের মধ্যে ঢাকা থেকে একাধিক কর্মকর্তার তিউনিসিয়া সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে। আশা করি, তাঁরা এলেই আটকে পড়া লোকজনের তিউনিসিয়া পৌঁছানো সহজ হবে।’ ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে লুটপাট হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত নুরুজ্জামান এ প্রতিবেদককে বলেন, ‘আমাদের দপ্তরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। যে খবর ছাপা হয়েছে, সেটি সঠিক নয়। তবে এটা ঠিক যে গত দু-তিন দিন ধরে ত্রিপোলির আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে।’