লিবিয়া থেকে আজ ফিরেছেন ৪১২ বাংলাদেশি
লিবিয়া থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত আরও ৪১২ জন বাংলাদেশি ফিরে এসেছেন। এঁদের মধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে দেশে ফিরেছেন ২৯৮ জন । আর ১১৪ জন বাংলাদেশি ইত্তেহাদ এয়ারলাইনস ও কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইটে ফিরেছেন।আইওএমের মুখপাত্র আসিফ মুনীর প্রথম আলোকে জানান, আজ ভোর ছয়টার দিকে আইওএমের ভাড়া করা বিশেষ বিমানে ১৬৮ জন বাংলাদেশিকে আনা হয়। বেলা ১১টার দিকে ১৩০ জন বাংলাদেশি বহনকারী আরেকটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এ ছাড়া রাত ১২টার দিকে আরেকটি ফ্লাইট ১৬৮ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরবেন।বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ডেস্ক সূত্রে জানা গেছে, আইওএমের সহায়তায় ২৯৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর বাইরে ইত্তেহাদ এয়ারলাইনসের একটি বিমানে ৬০ জন বাংলাদেশি এবং কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ৫৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।আসিফ মুনীর জানান, আইওএমের সহায়তায় এ পর্যন্ত এক হাজার ২৬৫ জন লিবিয়া প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত তিন হাজার বাংলাদেশি ফেরত এসেছেন। তিউনিসিয়া ও মিসর সীমান্তে আরও প্রায় ১৫ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার লিবিয়া থেকে প্রায় ২৫ হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনবে।