লিবিয়া থেকে আরও ১৮৪ জন ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় গোলযোগপূর্ণ লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৮৪ জন নিঃস্ব শ্রমিক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁরা ঢাকায় পৌঁছান। গতকাল আরও ৩৪৮ জনের দেশে ফেরার কথা ছিল। তাঁরা আজ শুক্রবার আসছেন।এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর আফ্রিকার দেশটিতে বিপদে পড়া বাংলাদেশিদের সাহায্য করতে তিউনিসিয়া-লিবিয়া সীমান্তে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অবস্থান করছেন। গত কয়েক দিনে দেশে ফেরা অনেক কর্মী অভিযোগ করেছেন, সীমান্তে গিয়ে তাঁরা সহায়তা করার জন্য বাংলাদেশি কর্মকর্তাদের কাউকে পাননি।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা রাজেন দাস জানান, তাঁদের হিসাবে এ পর্যন্ত এক হাজার ৫৪৮ জন লিবিয়া-প্রবাসী দেশে ফিরেছেন। তবে অন্য একটি হিসাবে এ সংখ্যা ৮৫৪ জন বলে জানা গেছে।ঢাকায় আইওএমের মুখপাত্র আসিফ মুনির প্রথম আলোকে জানান, আন্তর্জাতিক সংস্থাটির সহায়তায় এ পর্যন্ত ৭৮৭ জনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল বেলা ১১টায় একটি বিশেষ বিমানে ১৭৪ জন বাংলাদেশি ফেরেন। এর আগে সকালে এমিরেটসের একটি ফ্লাইটে আসেন আরও ১০ জন।সীমান্তে কর্মকর্তারা: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ প্রথম আলোকে জানান, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং তেহরানের বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব বর্তমানে তিউনিসিয়া-লিবিয়া সীমান্তে অবস্থান করছেন। বিপদে পড়া প্রবাসীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ০০২১৮৯১৮৬৩২৪০১ ও ০০২১৬২৩৮৩৮৩৪৪ নম্বরে। তাঁদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।সামনে অনিশ্চয়তা: জীবন তো বেঁচেছে। কিন্তু ভবিষ্যতের কী হবে? চোখেমুখে এমনই প্রশ্ন দেশে ফেরা হুমায়ুন খানের। এখনো ওঠেনি লিবিয়ায় যেতে খরচ হওয়া টাকা। আবার যেতে পারবেন কি না, তার কোনো নিশ্চয়তা নেই। ঢাকার মিরপুরের বাসিন্দা হুমায়ুন খান জানান, তিনি একটি ইতালীয় কোম্পানিতে কাজ করতেন। লিবিয়ার পরিস্থিতি খারাপ হওয়ার পর রেডক্রসের সহায়তায় জাহাজে করে তাঁরা ইতালিতে চলে যান। সেখান থেকে ঢাকায় ফিরেছেন।অনেকের মতোই একেবারে খালি হাতে ফিরেছেন নীলফামারীর সাইদুর রহমান। লিবিয়ার বেন্না শহরে কোরীয় নির্মাণপ্রতিষ্ঠানে কাজ করতেন। কোম্পানির সহায়তায় মিসর সীমান্তে আসেন।জাল্লু শহরে কাজ করতেন নোয়াখালীর আমিনুল্লাহ। তিনি কোম্পানির সহায়তায় জাহাজে করে ইতালিতে পৌঁছান। সেখান থেকে ঢাকায়।মানববন্ধন-বিবৃতি: সংঘাতবিক্ষুব্ধ লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার দাবিতে ন্যাশনাল ইয়ুথ ফোরাম ও ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ফাউন্ডেশন (আইএমএফ) নামে দুটি সংগঠন গতকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের সড়কে মানববন্ধন করেছে। মানববন্ধনে সমর্থন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, লিবিয়া থেকে সব বাংলাদেশিকেই ফিরিয়ে আনা দরকার। তিনি এ ব্যাপারে সরকারের ভূমিকার সমালোচনা করেন।উল্লেখ্য, সংশ্লিষ্ট মন্ত্রী বুধবার বলেন, এ মুহূর্তে শুধু বিপদগ্রস্ত মানুষদেরই ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার।এক বিবৃতিতে দেশে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ইমা রিসার্চ ফাউন্ডেশন নামের একটি সংগঠন।সীমান্তে আরও পাঁচ হাজার: ইউএনবি আইওএমের সূত্রের বরাত দিয়ে গতকাল জানায়, মিসর ও তিউনিসিয়ার সীমান্তে নো-ম্যান্স-ল্যান্ডে আরও পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি আটকা পড়ে আছেন।