লিবিয়া থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ
লিবিয়ায় কর্মরত বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়া জুড়ে অব্যাহত সহিংসতার মুখে তুরস্ক, যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ অনেক দেশই লিবিয়া থেকে তাদের নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে তুরস্ক, ফ্রান্স ও বুলগেরিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রাত সাড়ে তিনটায় ওরহান গাজি এবং আজ ভোর পাঁচটায় ওসমান গাজি নামের দুটি ফেরি প্রায় তিন হাজার নাগরিককে নিয়ে তুরস্কের উদ্দেশে বেনগাজি বন্দর ছেড়েছে। তাদের তুরস্কে পৌঁছাতে প্রায় ২০ ঘণ্টা সময় লাঘবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ফেরিতে করে মার্কিন নাগরিকদের ত্রিপোলি থেকে মাল্টায় সরিয়ে নিতে শুরু করবে। স্থানীয় সময় আজ সকাল ১০টায় শুরু এটি শুরু হওয়ার কথা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল বলেছেন, ব্রিটেন তাদের নাগরিকের নিরাপদে লিবিয়া থেকে সরিয়ে আনতে চার্টার বিমান পাঠানোর পরিকল্পনা করেছে।বসনিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোরান পারকোভিক জানান, ত্রিপোলি থেকে তাঁদের এক হাজার ৫০০ নাগরিককে ফিরিয়ে আনতে একটি বিমান কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছে।বুলগেরিয়ার একটি বিমান তাদের বেশ কিছু নাগরিকদের নিয়ে ত্রিপোলি ছেড়েছে। দ্বিতীয় আরেকটি বিমান ত্রিপোলি ছাড়ার জন্য অপেক্ষা করছে। বুলগেরিয়ার প্রায় ১৫০০ নাগরিক লিবিয়াতে কাজ করছেন। কানাডার পররাষ্ট্র লাওরেন্সন ক্যানন জানান, কাল বৃহস্পতিবার তাঁদের একটি বিমান ত্রিপোলিতে পৌঁছাবে। ৩২১ কানাডীয় লিবিয়া ছাড়ার জন্য নিবন্ধন করেছে।ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, তাদের দুটি বিমান ত্রিপোলি অবতরণ করেছে। যাত্রীরা এতে আরোহণ করা শুরু করেছে। তৃতীয় আরেকটি বিমান ফ্রান্সে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে এটিকেও ত্রিপোলিতে পাঠানো হবে।জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারওয়েলি জানান, সব জার্মানই এখন লিবিয়া ত্যাগ করা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত রয়েছে।এ ছাড়া গ্রিস, ভারত, ইরান, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, রাশিয়া, সৌদি আরব, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, তিউনিসিয়া, ইয়ামেন তাদের নাগরিকদের লিবিয়া থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। লিবিয়ায় কর্মরত বিদেশি কোম্পানিগুলোও তাদের কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।